ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ডাকা ধর্মঘট ৪ ঘণ্টা পর প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ২৫টি পরিবহন মালিক সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘট আজ রোববার প্রত্যাহার করা হয়েছে। সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত এ ধর্মঘট চলে। পরে দাবি পূরণে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ এ কে এম নাসিম ওসমানসহ সংশ্লিষ্টরা আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২৫টি পরিবহনের মালিক সংগঠনের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোট আজ সকাল-সন্ধ্যা ধর্মঘট ডাকে। তাদের সঙ্গে অন্যান্য পরিবহন সংগঠনগুলোও একাত্মতা ঘোষণা করে। ফলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যোগাযোগ অচল হয়ে পড়ে। ধর্মঘটের সমর্থনে পরিবহন শ্রমিকেরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের আহ্বায়ক মোক্তার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল্লা নূরী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলামের অনুরোধ এবং আজ থেকে রাস্তা মেরামত ও আগামী দুই মাসের মধ্যে রাস্তার পূর্ণাঙ্গ কাজ সমাপ্ত করার বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।