ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-জয়দেবপুর রুটে ট্রেন হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রেলের যাত্রী সেবা বাড়ানো এবং এ খাত আধুনিকায়নের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। আজ শনিবার সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।রেলমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জুন, মধ্যমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।স্বল্পমেয়াদি পরিকল্পনা: স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে আছে আগামী ১১ জানুয়ারি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এক জোড়া কমিউটার ট্রেন চালু করা হবে। নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত্ আইভীর অনুরোধে এ ট্রেনের একটি কামরা নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া ঢাকা-জয়দেবপুর, সিলেট-ছাতকবাজার সেকশনে কমিউটার ট্রেন, সিলেট-ঢাকা রুটে আরও একটি নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন আন্তনগর চালুর সম্ভাব্যতা এবং ঢাকা-কিশোরগঞ্জ রুটে আন্তনগর ট্রেনের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।পরিকল্পনায়, ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রুটে একটি আন্তনগর দেওয়ার চেষ্টা করা হবে। নতুন কিছু রেললাইন ও স্টেশন নির্মাণ করা হবে।মধ্যমেয়াদি পরিকল্পনা: মধ্যমেয়াদি পরিকল্পনার মধ্যে আছে বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চলের ফৌজদার হাট-সিজিপিওয়াই-এসআরভি-চট্টগ্রাম সেকশনের পুনর্বাসন, সৈয়দপুর-চিলাহাটি সেকশন পুনর্বাসন, ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ বাজার সেকশন পুনর্বাসন, একটি এমজি ও বিজি ক্রেন সংগ্রহ, ১৬৫টি বিজি ট্যাংক ওয়াগান সংগ্রহ প্রভৃতি। দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে আছে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ডুয়েল গেজ তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন, ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রভৃতি।সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সময়মতো ট্রেন চলাচল ও ট্রেনের পরিচ্ছন্নতা তাঁর অগ্রাধিকার। তিনি দায়িত্ব নেওয়ার পর আন্তনগর ট্রেনের সময়ানুবর্তিতা গড়ে ৪৪ থেকে ৭০ শতাংশ, মেইল ট্রেন ৫৫ থেকে ৬৯ শতাংশ, লোকাল ৫৮ থেকে ৭০ শতাংশে উন্নীত হয়েছে।সংবাদ সম্মেলনে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালকসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে রেল খাত লাভজনক হলেও বাংলাদেশে বছরে প্রায় ৮০০ কোটি টাকা লোকসান হচ্ছে। এখানে দুর্নীতি নেই, এ কথা বলব না। মাত্র দায়িত্ব নিয়েছি। তাই সেবাটাকেই অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে অন্য কিছু দেখব।’ তিনি বলেন, ‘রেলের বেহাত হওয়া জায়গা-জমির বিষয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কী অবস্থা আগে, তা জানি। এরপর জমি উদ্ধারের জন্য প্রয়োজনে আইন করা হবে।’