ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা দুঃসহ যাত্রা
কমলাপুর রেলওয়ে স্টেশনে সবে সন্ধ্যা নেমেছে। প্লাটফর্মের বাতিগুলো জ্বালানো হয়েছে খানিক আগেই। এরই মধ্যে ৮ নম্বর প্লাটফর্মে ভিড় জমানো শুরু করেছে নারায়ণগঞ্জ অভিমুখী যাত্রীরা। রাজধানী শহরে কাজের পাট চুকিয়ে তাদের ফিরতে হয় বাংলাদেশ রেলওয়ের একটি লক্কড়ঝক্কড় লোকাল ট্রেনে। মাত্র পাঁচটি বগি নিয়ে যাত্রা করা এই ট্রেনের যাত্রীদের দুঃখ-দুর্দশা আর অভিযোগের ঝুলির ওজন যে মোটেও সামান্য নয়, তা জানা গেল ট্রেনটিতে ওঠার পরপরই। মিরপুর বাঙলা কলেজে বিকমপড়ুয়া শওকত হোসেন এই ট্রেনের একজন নিয়মিত যাত্রী। সপ্তাহে তিন-চার দিন তিনি এই ট্রেনে যাওয়া-আসা করেন জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের এই ট্রেনটাতে এত যাত্রী ওঠে, তার পরও সেবার মান ভয়াবহ খারাপ। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে এই পাঁচটি বগিতেই গাদাগাদি করে যাওয়া-আসা করে প্রায় বারো-তেরো শ যাত্রী। তাঁর কথার সঙ্গেই তাল মিলিয়ে পাশের আরেকজন সহযাত্রী নিজের ঘড়ি দেখিয়ে বললেন, এখন বাজে মাত্র ছয়টা ৪৫। ট্রেন ছাড়তে এখনো ৪৫ মিনিট বাকি। তার পরও সব সিটই বুক। কোথাও কোনো বসার জায়গা নেই। তাঁদের মতে, অনেককেই ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বশির আহমেদ নামের এক যাত্রী আক্ষেপ করে বললেন, আগের ট্রেনটা গেছে সেই পাঁচটা ৩৫ মিনিটে। এর পর থেকেই আমাদের অপেক্ষা করতে হয়, কখন সাড়ে সাতটার ট্রেনটা ছাড়বে।সময় যত গড়াতে থাকে, ট্রেনের বগি ততই ভরতে থাকে। ট্রেনে বসার জন্য যে দুই সিটের আসনগুলো রয়েছে, সেগুলো নামেমাত্র দুই সিট। কারণটা অনেক সহজ, যেই ট্রেনে দরজার সামনেই ৩০-৪০ জন গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ট্রেনে ঘেমে-নেয়ে একাকার হয়ে পাশের যাত্রীর জুতোর চাপে পা থেঁতলানো যাত্রীরা সবাই একমত যে দুই সিটে তাঁরা তিনজন করেই বসবেন। শুধু তা-ই নয়, এখানকার যাত্রীরা প্রায় প্রত্যেকেই পরস্পর পরস্পরকে চেনেন। দীর্ঘদিনের সহযাত্রী হওয়ার কারণে তাঁদের মধ্যকার অভাব-অভিযোগুলোতেও তেমন একটা গরমিল পাওয়া গেল না। একটি বেসরকারি ফার্মের চাকুরে মি. সাদেক যখন টিকিটের দাম নিয়ে কথা বললেন, তখন ঠিকই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা পাকা চুলের এক বয়স্ক ব্যক্তিও সায় দিলেন। তাঁদের দুজনের মনেই একটা প্রশ্ন, সেটা হলো—‘কাউন্টার থেকে টিকিট কাটলে ভাড়া ছয় টাকা আর ট্রেনের মধ্যে টিকিট কাটলে সাত টাকা দিতে হয়, কেন এই বৈসাদৃশ্য।’ তখন পাশ থেকে রাহাত কিবরিয়া নামের আরেক ভদ্রলোক আবার এর সঙ্গে সংযুক্তি দিলেন যে এই অতিরিক্ত এক টাকা আবার নিচ্ছে এই দুই মাস ধরে। তাঁদের কথার সত্যতা মিলল খানিক বাদেই টিকিটচেকার এলে। হাতে টিকিটের বান্ডিল নিয়ে যাত্রীদের ভিড় ঠেলে ভেতরে ঢোকা শাহীন নামের টিকিটচেকারও জানালেন, স্টেশন থেকে টিকিট কাটলে ছয় টাকা, তবে ট্রেনের মধ্যে কাটলে অতিরিক্ত এক টাকা বেশি দিতে হয়। নারায়ণগঞ্জ থেকে বাসের ভাড়া কিন্তু ২২ টাকা। তাই বেশির ভাগ যাত্রীই ভাড়া নিয়ে তেমন একটা কথাকাটাকাটি করেন না। তবে ভাড়া নিয়ে দরকষাকষি না করলেও ট্রেনের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা যে একেবারেই তাঁদের পাতে জোটে না, সে কথা বলতে ভুললেন না কেউই। ৮০ জনের বগিতে আড়াই শর বেশি মানুষ যাওয়া-আসা করে, অথচ তাদের জন্য নেই কোনো পাখার ব্যবস্থা, ভাঙাচোরা জানালাগুলো ওঠানো-নামানোর ঝক্কিটাও কম নয় বলে জানালেন আবু মনসুর আহমেদ নামের একজন যাত্রী। তিনি বলেন, বেশির ভাগ জানালাই ভাঙাচোরা। বৃষ্টি এলে সেগুলো নামানো যায় না। তাই অল্প বৃষ্টি হলেই কাকভেজা হয় নারায়ণগঞ্জবাসীর এই ট্রেনের সিটগুলো। আর গেটের সামনে মানুষের জটলা বেশি থাকায় প্রায় প্রতিদিনই ওঠানামার সময় পকেট থেকে মোবাইল ফোনসেট, মানিব্যাগ খোয়াতে হচ্ছে অনেককেই। একই সারিতে বসে থাকা আরেক যাত্রী আবার ফোড়ন কাটেন, ট্রেন থেকে নামার সময় তো বাতি নিভানোই থাকে, যাতে সহজে পকেটমাররা তাদের কার্যসিদ্ধি করতে পারে।তবে এত হতাশার মধ্যেও আশার আলো দেখা গেল, ট্রেনটিতে একটি বগির গায়ে ‘সংরক্ষিত শুধুমাত্র মহিলা’ লেখা দেখে। মহিলা বগিতে ওঠার পরপরই আশার আলোটা আবার নিমেষে নিভে গেল। নারী যাত্রীদের জন্য যে বগিটা রাখা হয়েছে, সেটা কোনোমতেই একটি পূর্ণ বগি নয়। একটি প্রকৌশল ফার্মে কর্মরত রূপা জানালেন, বগিটিতে তাঁদের জন্য মাত্র ১২টি সিট আছে। ২৪ জন বসার কথা থাকলেও তাঁরা কষ্ট করে ৩৬ জন বসেন। আর বাকিদের গাদাগাদি করে দাঁড়িয়ে যেতে হয়। তবে বগির সামনের অংশে নারীদের ভিড় থাকলেও পেছনের অংশে ঠিকই আয়েশ করে পায়ের ওপর পা দুলিয়ে যাওয়া-আসা করেন ডাক বিভাগের কতিপয় কর্মী। তাঁদের একজনের সঙ্গে কথা বলে জানা গেল, বগির পেছনের আটটি সিট ডাক বিভাগের জরুরি মালপত্র আনা-নেওয়ার কাজে ব্যবহূত হয়। এর ফলে নারীদের জন্য নির্ধারিত বগিই তাঁদের বুমেরাংয়ে রূপ নিয়েছে বলে জানালেন আরেকজন যাত্রী। তিনি বলেন, ‘১২ সিটের এই বগির কারণে এখন আমরা অন্য বগিতে গিয়ে বসতে পারি না। বসতে গেলেই পুরুষ যাত্রীরা চোখ রাঙিয়ে বলে, “আপনাদের জন্য আলাদা বগি আছে, সেইডাই যাইয়্যা বসতে পারেন না”?’এত কিছুর পরও প্রতিদিন হাজার হাজার মানুষ এই পাঁচটি বগির ট্রেনে করেই আসা-যাওয়া করছে। অবশ্য তুরাগ-২ একবার সকাল নয়টায় নারায়ণগঞ্জের দিকে যাত্রা করে। আর বাকি সময়ে ১২টি ট্রিপের ১১টিতেই ভরসা এই লোকাল ট্রেন। সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার যাত্রীদের অনেকেই অভিযোগ করলেন, গেন্ডারিয়া ক্রসিংয়ে তাদের প্রতিদিনই ২০ মিনিটের বেশি সময়ের মাশুল গুনতে হয়। এ ছাড়া কাগজ-কলমে রেলস্টেশন না থাকলেও পাগলা স্টপেজে যাত্রী ওঠানামা করানো হয়। লোকাল ট্রেনের যাত্রী বলে বোধহয় স্টেশনের ছাউনিটাও দিতে নারাজ কর্তৃপক্ষ। তা না হলে কি আর গেন্ডারিয়া, ফতুল্লা, পাগলা স্টেশন তিনটিতেই কোনো ছাউনি নেই? অবশ্য নিয়মিত যাত্রীরা দুষছে রেলওয়ে কর্তৃপক্ষকে। কারণ তারা ট্রেনটাকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না ছেড়ে দিলে বোধহয় এতটা হ-য-ব-র-ল দশা দেখা দিত না।