ঢাকা-নারায়ণগঞ্জ পথে বিআরটিসির বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ পথে আবারও চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপো-রেশনের (বিআরটিসি) বাসসেবা।গতকাল মঙ্গলবার সকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এক অনুষ্ঠানে এ পথে বাসসেবার উদ্বোধন করা হয়।বেসরকারি বাসমালিকদের বাধার কারণে দীর্ঘ ছয় বছর এ পথে বিআরটিসির বাস চলাচল বন্ধ ছিল।তবে এ সড়কপথে বিআরটিসির বাসসেবা আবার চালুর জন্য আন্দোলনকারী নারায়ণগঞ্জের নাগরিক সমাজের দুটি সংগঠন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।বিআরটিসির বাসসেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান। বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) এস এম ফয়সাল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন বিআরটিসির চেয়ার-ম্যান মেজর (অব.) এম এম ইকবাল, বিআরটিসির ডিজিএম (অপারেশন) কাজী শহীদউদ্দিন আহমেদ, সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহবুবুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান (মহিলা) ফাতেমা মনির, নারায়ণগঞ্জের বেসরকারি পরিবহন মালিকদের পক্ষে নসিব পরিবহনের চেয়ারম্যান এহসানুল হক প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে এখন মোট ৩২টি বাস চলাচল করবে। এর মধ্যে ১৫টি বাস হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, যার ভাড়া ৩৪ টাকা। আর ১৭টি বাস শীতাতপ নিয়ন্ত্রণহীন। এর মধ্যে দুটি বাস শুধু নারীদের জন্য। ভাড়া হবে ২৪ টাকা। বিআরটিসির বাস শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (সংযোগ সড়ক) হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত চলাচল করবে।অনুষ্ঠানে নাসিম ওসমান বলেন, কোনো অপশক্তি নারায়ণগঞ্জে বিআরটিসির বাসসেবার ক্ষতি সাধনের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। সেই অপশক্তির নেতাদের বাড়িঘর এমনকি মাথাও অক্ষত থাকবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।অনুষ্ঠানে শামীম ওসমান দাবি করেন, তিনি কয়েক মাস ধরে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে বিআরটিসি বাসসেবা চালুর জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তাঁদের চেষ্টায়ই এই বাসসেবা চালু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান শীতাতপ নিয়ন্ত্রণহীন বাসের ভাড়া ২৫ টাকা ঘোষণা দেওয়ার পর শামীম ওসমান বক্তব্য দিতে এসে ভাড়া আরও এক টাকা কমিয়ে তা ২৪ টাকা নির্ধারণ ও এ পথে শুধু নারীদের জন্য দুটি পৃথক বাস দেওয়ার দাবি জানান। এর পরই আবার বিআরটিসির চেয়ারম্যান শীতাতপ নিয়ন্ত্রণহীন বাসের ভাড়া ২৪ টাকা করার ঘোষণা দেন।এভাবে ভাড়া নির্ধারণকে অনেকটাই সাজানো বলে অভিহিত করেছেন অনেকে। তা ছাড়া গত জুন মাসেই বেসরকারি বাসমালিকদের পক্ষ নিয়ে সাবেক এই সাংসদ ‘এক পয়সাও ভাড়া কমানো হবে না’ বলে জেলা প্রশাসন আয়োজিত বৈঠকে হুংকার দিয়েছিলেন। কিন্তু নাগরিক কমিটির আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বেসরকারি বাসভাড়া প্রথমে ৩০ টাকা থেকে কমিয়ে ২৮ টাকা ও পরে আরেক টাকা কমিয়ে ২৭ টাকা নির্ধারিত হয়।নাগরিক সংগঠন দুটির নেতারা গত ২২ ও ২৮ জুন বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এই পথে ন্যায্য ভাড়ায় বিআরটিসির বাস চালনার আহ্বান জানান। বিআরটিসির চেয়ারম্যান তখন এই পথে ৫০টি বাস চালুর ঘোষণা দিয়েছিলেন। এর পরই কোরিয়া থেকে আমদানি করা ২৫টি বাস গত ৮ জুলাই নারায়ণগঞ্জের বিআরটিসি ডিপোতে পাঠানো হয়। পরবর্তী সময়ে নাগরিক সংগঠনের নেতারা ২২ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানালে বিআরটিসি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেন।এ প্রসঙ্গে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, বিআরটিসির বাসসেবা চালু নারায়ণগঞ্জবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। এখানে বিশেষ ব্যক্তি বা রাজনীতিকের কোনো কৃতিত্ব বা সাফল্য নেই। অথচ এখন কেউ কেউ নিজেদের স্বার্থে বিআরটিসির বাসসেবা চালু নিয়ে রাজনীতি করছেন। তবে অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ না জানানোয় কোনো ধরনের আক্ষেপ নেই বলে মন্তব্য করেন তিনি।