ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ধর্মঘট প্রত্যাহার
বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত রফ রফ পরিবহন বন্ধ এবং সব কাউন্টার সরানোর আশ্বাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাত ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।এর আগে রফ রফ পরিবহন বন্ধের দাবিতে আজ ভোর ছয়টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট শুরু করে ২২টি পরিবহন মালিকদের সংগঠন। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া ওই সময় মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল।সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত ঢাকা-পোস্তগোলা-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকারী রফ রফ পরিবহন বাস বন্ধ রাখা হবে। রুটের বিভিন্ন স্থানে থাকা পরিবহন কাউন্টার উচ্ছেদ ও অননুমোদিত সব বাস বিকেল চারটার মধ্যে আটক করে পুলিশ লাইনে নেওয়া হবে। একই সঙ্গে রফ রফ পরিবহনের বাসের অনুমোদন বিআরটিএ ও আরটিসি নারায়ণগঞ্জ থেকে নিতে হবে।অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানিজ) ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন প্রমুখ।সরেজমিনে দেখা গেছে, শহরের কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকা থেকে ভোর থেকে কোনো বাস ছাড়েনি। এতে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাওয়া যাত্রীদের, বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি। যাত্রীদের বিকল্প হিসেবে ট্রেন, অটোরিকশা ও রিকশায় করে যাতায়াত করতে দেখা গেছে।নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানিজ) ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন জানান, বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত রফ রফ পরিবহন বাস বন্ধ এবং সব কাউন্টার সরানো হবে জেলা প্রশাসনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।