ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক ও রেলপথ আড়াই ঘণ্টা অবরুদ্ধ
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে আজ বুধবার সকালে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। একজন বাসচালকের সঙ্গে র্যাবের সদস্যদের কথাকাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকেরা সড়কটিতে সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখে।স্থানীয় ও ্্যাব সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে টহলকালে র্যাবের সদস্যরা এলোপাতাড়িভাবে পার্ক করে রাখা ‘বন্ধন’ পরিবহনের একটি বাসকে সরিয়ে ঠিকভাবে পার্ক করতে বলেন বাসটির চালককে। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা সারা শহরে বাস চলাচল বন্ধ করে দেন এবং শহরের বিভিন্ন সড়কে এলোপাতাড়িভাবে বাস পার্ক করে রাখে। ফলে শহরের মধ্যে এবং ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে রেল যোগাযোগও। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে সমস্যাটি নিয়ে প্রশাসন আলোচনার প্রস্তাব দিলে পরিবহন শ্রমিকেরা অবরোধ তুলে নেন। স্বাভাবিক হয় বাস-ট্রেনসহ সব ধরনের যান চলাচল।