ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে গতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে নারায়ণগঞ্জ সড়কপথের দূরত্ব ১৭ কিলোমিটার। চলাচলে সর্বোচ্চ আধঘণ্টা লাগার কথা। অথচ যানজটের কারণে এই পথটুকু চলতে এখন সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে যাত্রীদের ভোগান্তি নিয়ে এ প্রতিবেদন।যানজটে প্রতিদিনের ভোগান্তিনারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়ার বাসিন্দা ইশতিয়াক হাসান। তিনি ঢাকার মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। প্রতিদিন তিনি বাসে উত্তর চাষাঢ়া থেকে মতিঝিলের অফিসে আসেন। তিনি জানান, আগে সকাল সাড়ে সাতটায় বাসে উঠলে নয়টার আগেই মতিঝিলে আসা যেত। এখন অফিসে আসতে তাঁর সময় লাগছে দুই থেকে তিন ঘণ্টা। সন্ধ্যার পর যানজট আরও ভয়াবহ রূপ ধারণ করে। মতিঝিল থেকে বাসায় ফিরতে তাঁর তিন-চার ঘণ্টা লেগে যায়।ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে বাস ছাড়াও ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করেন। এর মধ্যে রয়েছেন ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থী। যানজটে আটকা পড়ে থাকায় সব শ্রেণীর যাত্রীই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাকরিজীবীরা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারছেন না। শিক্ষার্থীরা দেরিতে ক্লাসরুমে পৌঁছায় তাঁদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নির্মাণকাজ শুরুর পর ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যানজট বেড়েছে। সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রোববার ও শেষ দিন বৃহস্পতিবার যানজট আরও বেড়ে যায়। এ ছাড়া হরতালের আগের দিন ও পরের দিন যানজট ছাড়াও যাত্রীরা বাসের সংকটে পড়েন। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের (পাগলা) পঞ্চবটী, পাগলা, মুন্সীখোলা, শ্যামপুর, জুরাইনের যানজটেও যাত্রীরা দুর্ভোগ পোহায়।ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাষাঢ়া থেকে শিবু মার্কেট পর্যন্ত তিন কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। ফলে ওই অংশে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সড়কটি চার লেন হলে যানজট কমবে বলে জানান একাধিক যাত্রী।ঘুরে দেখা গেছে, পঞ্চবটী, ফতুল্লা বাজার, দাপা, পাগলা, মুন্সীখোলা, শ্যামপুর ও জুরাইন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে যানজট লেগেই থাকে। এতে কাভার্ড ভ্যান, তেলের লরির ভিড় থাকে। এ ছাড়া পাগলা-ফতুল্লা-মুন্সীখোলার ইট, বালু, রড, সিমেন্ট, পাথর পরিবহনে নিয়োজিত ট্রাকগুলো যেখানে-সেখানে থেমে থাকায় যানজট তৈরি হয়। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা খুব একটা নেই। ফলে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। যেখানে-সেখানে রাখা হচ্ছে বাস-ট্রাকের মতো যানবাহন। চালকেরা ট্রাফিক আইন মানলে যানজট খানিকটা কমে আসত বলে মনে করেন যাত্রীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুস সাত্তার দাবি করেন, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে নারায়ণগঞ্জ অংশে যানজট কম হয়। যানজট বেশি হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে থাকা অংশে। জনবলের অভাবে ঢাকা-নারায়ণগঞ্জের দুটি সড়কে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।এদিকে ডিএমপির উপকমিশনার (পূর্ব) ইকবাল হোসেন জানান, গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের নির্মাণকাজ চলায় শনির আখড়া থেকে জয়কালী মন্দির পর্যন্ত সড়কে যানজট হচ্ছে। এখানে ট্রাফিক পুলিশের জনবল বাড়ানো হয়েছে। তবে বৃষ্টির কারণে ভাঙা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় যান চলাচলের গতি কমে যায় বলে তিনি দাবি করেন।উন্নয়নের অভাবঢাকা থেকে নারায়ণগঞ্জ সড়কপথে যানবাহন বাড়ছে। কিন্তু সড়কের প্রশস্ততা বাড়ছে না। আবার সড়কের ভাঙাচোরা অংশ মেরামতের কাজও চলে ঢিমেতেতালে। এ কারণে সড়কে যানজট বাড়ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।আট কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি বেশি ব্যবহার করে নারায়ণগঞ্জ শহর থেকে সরাসরি ঢাকাগামী যানবাহনগুলো। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সংযোগ সড়কটির শুরু থেকে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পর্যন্ত অংশে সড়ক বিভাজক (ডিভাইডার) বসিয়ে চার লেন করা হয়। স্টেডিয়াম থেকে সংযোগ সড়কের নারায়ণগঞ্জ প্রান্তে চাষাঢ়া রাইফেল ক্লাবের মোড় পর্যন্ত তিন কিলোমিটার অংশ চার লেন করার কাজ পরে শুরু হয়। সেই কাজ এখনো শেষ হয়নি। সংযোগ সড়কের ওই অংশ এখন (চাষাঢ়া থেকে শিবু মার্কেট এলাকা পর্যন্ত) বেহালে আছে। চানমারী মাজার, চাষাঢ়া, এসি বাস কাউন্টার, জেলা পরিষদ ও এলজিইডি ভবনের সামনে বিভিন্ন অংশে সড়কে বড় বড় গর্ত দেখা গেছে। এগুলোয় জমছে বৃষ্টির পানি। এসব গর্তে যানবাহনের চাকা আটকে উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া চাষাঢ়া, চানমারী, শিবু মার্কেট, জালকুড়ি, ভুঁইগড় এলাকায় সংযোগ সড়কের একাংশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফলে পথচারীদের চলার পথটুকুও বন্ধ হয়ে গেছে।ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে থাকা বেশির ভাগ সড়কপথ রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সড়ক বিভাগের অধীনে। ওই সব সড়ক সংস্কার ও উন্নয়নে কী করা হচ্ছে জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমান দাবি করেন, বৃষ্টিসহ বিভিন্ন কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তা মেরামত করা হয়।