ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-সেবিকা-কর্মচারীর কর্মবিরতি
রোগীর স্বজনেরা চিকিৎসক, সেবিকা ও প্রহরীদের মারধর করার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে পুরান ঢাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা কর্মবিরতি শুরু হয়েছে। চার দফা দাবিতে আজ বুধবার সকাল থেকেই চিকিৎসক, সেবিকাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট করছেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে—হাসপাতাল এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, পরিচালক ও সহকারী পরিচালককে অপসারণ, ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দেওয়া ইত্যাদি।এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শতাধিক রোগীকে হাসপাতালের সামনে অপেক্ষা করতে দেখা গেছে।হাসপাতালের চিকিৎসক এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার মতি মিয়া নামের একজন স্ট্রোকের রোগী হাসপাতালে আসেন। তাঁকে ছয় তলায় ভর্তির অনুমতি দেওয়া হয়। কিন্তু ছয় তলা থেকে তাঁকে চার তলায় যাওয়ার কথা বলা হয়। এ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রোগীর স্বজনেরা চিকিৎসককে মারধর করে। এ সময় সেবিকা ও কর্মচারীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।