পঞ্চগড়ের মুসলিমবাগ এলাকার জেম জুট মিল লিমিটেডের শ্রমিকেরা ১০ ঘণ্টা পর আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।গতকাল শনিবার মিলের দেলোয়ার ও হীরা নামের দুই শ্রমিককে মারধরের অভিযোগে মিলের উত্পাদন কর্মকর্তা আলী আজমের অপসারণের দাবিতে কারখানার শ্রমিকেরা আজ সকাল থেকে ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা এ অবরোধ তুলে নেন।শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নিলেও মিল চালু করার ব্যাপারে মালিকপক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।এদিকে শ্রমিকেরা আলী আজমের পদত্যাগ দাবি করে কারখানা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও জানান।জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, আলোচনায় মালিকপক্ষ আসেননি। আশ্বাসের পরিপ্রক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা হবে।