ঢাকা পদাতিকের ৩২ বছর
শরৎ বাবুর স্ত্রী কিরণ কঠিন রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে তিনি হাওয়া বদলের জন্য চন্দননগরের বাগানবাড়িতে গিয়ে উঠলেন। একাকিত্বের যন্ত্রণায় কিরণ যখন দেশে ফেরার জন্য ব্যাকুল, ঠিক তখনই ঝড়ের রাতে নৌকাডুবির পরে অনাথ যাত্রাদলের কর্মী নীলকান্ত এসে আশ্রয় নেয় সেই বাড়িতে। এর পর থেকে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। দেখা দেয় একের পর এক আপদ।গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আপদ’। আর শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যশালার মঞ্চে গতকাল শুক্রবার এর নাট্যরূপ মঞ্চস্থ করল ঢাকা পদাতিক। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ।৩২ বছর পূর্ণ করল ঢাকা পদাতিক। এ উপলক্ষে নাট্যশালায় আয়োজিত দুই দিনের নাট্যোৎসবের প্রথম দিনে গতকাল পরিবেশিত হয় আপদ নাটকটি। এ ছাড়া কৃতী নাট্যব্যক্তিত্বদের সম্মাননাও দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে।‘নাটক হোক জীবনের প্রকাশিত সত্য, নাটক হোক জীবনযুদ্ধের হাতিয়ার’ স্লোগানে ১৯৮০ সালের ১০ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা পদাতিক।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। নাট্যাঙ্গনে বিশেষ ভূমিকা রাখার জন্য সৈয়দ দুলালকে আবুল কাসেম দুলাল পদক এবং আকতারুজ্জামানকে গাজী জাকির হোসেন পদক দেওয়া হয়।