ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের কমিটি স্থগিত
তিন সপ্তাহ পার হলেও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাহিদুল ইসলাম হত্যার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গত ১৪ সেপ্টেম্বর তিনি আহত হন। ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।এ ঘটনায় ছাত্রলীগের ঢাকা পলিটেকনিক শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১১ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সংগঠনের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।পলিটেকনিক শাখা ছাত্রলীগের একাংশের অভিযোগ, সংবাদবিজ্ঞপ্তিতে সংঘর্ষে রাহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়নি। সংঘর্ষে নেতৃত্বদানকারী ও মামলার প্রধান আসামি রাকিবুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, লতিফ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি ও অরাজকতার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন কবীর হোসাইন, হিমেল, বসু, আসলাম, ফারদিন, শাহীন, রাসেল, সুমন, সবুজ, মামুন ও মাহফুজ।ছাত্রলীগের একাংশের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ঘটনার দিন রাকিবুল ইসলাম ছাত্রাবাসে ছিলেন না। তিনি বরিশালে ছিলেন। পুলিশ তদন্ত করছে বলে রাহিদুলের মৃত্যুর বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি বলে তিনি জানান।গত ১৪ সেপ্টেম্বর লতিফ ছাত্রাবাসে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ কয়েকজন রাহিদুলকে বেদম প্রহার করে গুরুতর আহত করেন। পরে রাহিদুলকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২১ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান। ওই দিন দুপুরে রাহিদুলের বাবা মোসলেহ উদ্দিন বাদী হয়ে রাকিবুল ইসলামসহ ১৫ জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন। তবে পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে না পারলেও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে আনা হয়।এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা ক্যাম্পাসে আসার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘শুনে ক্যাম্পাসে পুলিশ যায়। কিন্তু তাদের পাওয়া যায় না।’ জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজনের কাছ থেকে পাওয়া তথ্য ‘তদন্তের স্বার্থে’ ওসি বলতে রাজি হননি।