ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে দ্রুক এয়ারের একটি বিমানে করে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় তাঁকে হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। তিনি রাজধানীর এই পাঁচ তারকা হোটেলটিতেই অবস্থান করবেন। প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী বিকেলে জিগমে ওয়াই থিনলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। হোটেলে ফিরে এলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা, জ্বালানি খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। তাঁর এ সফরের সময় দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী কাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। বিকেলে জিগমে ওয়াই থিনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। ভুটানের প্রধানমন্ত্রী আগামী বুধবার সুন্দরবন এবং বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার সমুদ্রসৈকত দেখতে যাবেন। আগামী শুক্রবার তাঁর থিম্পুর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।