ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবাসন-সমস্যা প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীদের গান, অভিনয়, আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহূত হতো কমপ্লেক্স ভবন। কিন্তু এখন সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ। কমপ্লেক্স ভবনে এখন শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।শুধু কমপ্লেক্স ভবনই নয়, ছাত্রীদের কমনরুমও এখন থাকার জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে। এর নাম পাল্টে রাখা হয়েছে গণরুম, ২০ জন ছাত্রী গাদাগাদি করে সেখানে থাকেন।আবাসন-সমস্যা শুধু ডুয়েটের শিক্ষার্থীদের নয়, এ সমস্যায় আছেন প্রতিষ্ঠানের শিক্ষকেরাও। একই সমস্যা এখানকার কর্মকর্তা-কর্মচারীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহল অবশ্য বলছে, ডুয়েটের আবাসন-সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।১৯৮০ সালে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এটিকে বিআইটিতে (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) রূপান্তর করা হয়। সর্বশেষ ২০০৩ সালে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় করা হয়।গত ৩০ বছরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, নতুন নতুন বিভাগ খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, আগামী এক বছরে আর্কিটেকচার ও ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন নামে দুটি নতুন বিভাগ চালু হবে। এ কারণে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তার সংখ্যাও বাড়বে। কিন্তু বাড়ছে না শুধু আবাসন-সুবিধা। ডুয়েট সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে কাজী নজরুল ইসলাম হল সম্প্রসারণ করে আবাসন-সুবিধা কিছুটা বাড়ানো হয়েছিল।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার। ছাত্রদের জন্য চারটি হলে আসনসংখ্যা ৮০০, ছাত্র আছেন প্রায় এক হাজার। শিক্ষার্থীরা জানান, আবাসন-সমস্যার কারণে হলগুলোর কমনরুমে ছাত্ররা থাকছেন। ফলে পত্রিকা পড়া, বিনোদন কিংবা খেলাধুলা করার আলাদা জায়গা নেই। হলে আসন না পেয়ে কমপ্লেক্স ভবনে যাঁরা আছেন, তাঁরা চরম মানবেতর জীবন কাটাচ্ছেন। দু-তিনজন করে থাকা যায় এমন চারটি কক্ষে আছেন ৩০ জন।যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানভীর জানান, দুই বছর ক্যাম্পাসের বাইরে থাকার পরও হলে আসন পাননি, থাকছেন কমপ্লেক্স ভবনে। এর চতুর্থ তলায় ব্যায়ামাগার, নিচে ক্যাফেটেরিয়া, দ্বিতীয় তলায় লন্ড্রির দোকান থাকায় পড়াশোনার ব্যাঘাত ঘটে। তিনি বলেন, হলের আবাসিক ছাত্রদের মতো তাঁরা প্রতি মাসে সংস্থাপন ফি দিচ্ছেন। অথচ তাঁরা এর বিন্দুমাত্র সুবিধা পাচ্ছেন না। এই ভবনের ৩০ জন ছাত্র একটিমাত্র বাথরুম ব্যবহার করেন। আবাসিক হলগুলোতে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা থাকলেও সেখানে তা নেই। অন্যদিকে ভবনটিতে নিরাপত্তারক্ষী নেই। ক্যাম্পাস বন্ধ হলে চুরির ভয়ে ছাত্ররা তাঁদের কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় আসবাব অন্য কোথাও রেখে যান। দিনে কাপড় শুকাতে দিয়ে পাহারা দেন তাঁরা।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল, নাজমুল, জনিসহ আরও অনেকে জানান, নিয়মিত ক্লাস ও পড়ালেখা করা সবার জন্যই জরুরি। এ জন্য আবাসন-সুবিধা থাকা জরুরি। অথচ তৃতীয় বর্ষে ওঠার আগ পর্যন্ত হলে আসন পাওয়া যায় না। মেসের ব্যয় বহন করা অনেকের জন্য কষ্টকর।ছাত্রীদের দুরবস্থা: বিশ্ববিদ্যালয়ের ২০০ ছাত্রীর জন্য রয়েছে ৭১ আসনের একটি হল, যেখানে আছেন শতাধিক ছাত্রী। আর আসন না পেয়ে ২০ জন ছাত্রী থাকছেন কমনরুমে। এখন কমনরুমের নাম হয়েছে গণরুম। ছাত্রীরা এ প্রতিবেদককে বলেন, ভেতরে চেয়ার-টেবিল রাখার জায়গা নেই। ছোট ছোট বেঞ্চে তিন-চারজনকে ভাগাভাগি করে বসে পড়ালেখা করতে হয়। আর কম্পিউটার ও বই-খাতা রাখতে হয় বিছানার ওপর। কমনরুম না থাকায় খাওয়ার কক্ষে টেলিভিশন দেখেন তাঁরা, আর পত্রিকা পড়েন বাইরে দাঁড়িয়ে।হলে আসন না পাওয়া একাধিক ছাত্রী জানান, মেসে থাকার বাড়তি খরচ জোগাতে অনেকের অভিভাবক হিমশিম খান। আবদুল মজিদ নামের এক অভিভাবক বলেন, ‘মেয়েকে পড়তে দিয়ে বিপদে পড়েছি। মেসে থাকে বলে সব সময় দুশ্চিন্তায় থাকি।’ তিনি বলেন, প্রতি মাসে মেয়ের পড়ার খরচ দিতে অনেক কষ্ট করতে হয়।একই সমস্যা শিক্ষকদের: বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০ জন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে ৬২ জন শিক্ষক আবাসন-সুবিধা পাচ্ছেন। ব্যাচেলর কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন অনেক শিক্ষক। এতে নানা সমস্যা হচ্ছে।তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেন বলেন, মূলত একজনের থাকার জন্য ব্যাচেলর কোয়ার্টারের কক্ষগুলো তৈরি করা হয়। কিন্তু অনেক শিক্ষকই ছোট একটি কক্ষে পরিবার নিয়ে থাকছেন। কোয়ার্টারের বারান্দার বেড়ার (রেলিং) উচ্চতা কম। কয়েক মাস আগে তাঁর চার বছরের ছেলে সেখান থেকে পড়ে আহত হয়। তাঁর মতো অন্য শিক্ষকেরাও শিশুদের নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকেন।কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা: ৯৯ জন কর্মকর্তার মধ্যে ২৭ জন আবাসন-সুবিধা পান। আর ২০০ কর্মচারীর মধ্যে আবাসন-সুবিধা পাচ্ছেন মাত্র ৩৭ জন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বল্প বেতনের কর্মচারীরা আবাসন-সুবিধা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, আগে ক্যাম্পাসের ভেতরে আরও ১০০ কর্মচারী তাঁদের পরিবার নিয়ে বসবাস করতেন। কিন্তু ২০০৫ সালের শেষের দিকে ১৪ তলাবিশিষ্ট নতুন শিক্ষা ভবন নির্মাণের সময় ওই কর্মচারীদের বাসস্থান ভেঙে ফেলা হয়। তৎকালীন উপাচার্য এম আনোয়ার য়াজীম ওই সময় বলেছিলেন, শিগগিরই কর্মচারীদের আবাসন-ব্যবস্থা করা হবে। কিন্তু তিনি তাঁর কথা রাখেননি। ফলে এখনো ওই পরিবারগুলোকে ক্যাম্পাসের বাইরে বেশি টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। মুক্তার হোসেন জানান, স্বল্প বেতনের কর্মচারীরা অতিরিক্ত বাসা ভাড়া দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বর্তমান উপাচার্য এম সবদার আলী আবাসন-সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়ালেখার চাপ অনেক বেশি। নিয়মিত ব্যবহারিক ক্লাস করতে হয় এবং প্রতি সপ্তাহে তিন-চারটি পরীক্ষা থাকে। শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসন-ব্যবস্থা নিশ্চিত থাকা খুব দরকার। কিন্তু এখানকার আবাসন-সুবিধা খুবই নাজুক। শিক্ষার্থী, শিক্ষকসহ অন্যদের আবাসন-সমস্যা দূর করার চেষ্টা চলছে বলে তিনি জানান।যোগাযোগ করা হলে উপাচার্য এম সবদার আলী আবাসন-সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন সমস্যার মধ্যে আবাসন-সমস্যা অন্যতম। শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের জন্য গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ বছরও প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে হল নির্মাণের কাজ শুরু হবে।’ শিক্ষক ও অন্যদের বিষয়ে তিনি বলেন, ‘সমস্যাগুলো সমাধানের জন্য অর্থের দরকার। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে সমস্যা সমাধান করা যাবে।’ডুয়েটের আবাসন-সমস্যার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবাসন-সমস্যার বিষয়টি সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যথেষ্ট গুরুত্বসহকারে দেখছে। এ জন্য নতুন প্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর অর্থ ও সময়ের দরকার।