ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন, ছাত্রলীগের পরীক্ষা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ ও ছাত্রশিবির সংঘর্ষের ঘটনা তদন্তে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ রোববার একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নিয়ে ফেসবুকে শিবিরের এক নেতার আপত্তিকর মন্তব্যের জেরে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের এক কর্মীকে আহত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পরীক্ষা বর্জন করে। বিশ্ববিদ্যালয় শিবিরের ছয়জন কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ লোকমান ফেসবুকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে ছাত্রলীগ অভিযোগ করে। বিষয়টি নিয়ে গতকাল শনিবার রাতে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে শিবিরের তিন কর্মী এবং ছাত্রলীগের এক কর্মী আহত হন।জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা জয়দেব দাস বাদী হয়ে শিবিরের সভাপতি ইমরুল কায়েস ওরফে পরাগসহ শিবিরের ছয়জন কর্মীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন: মোহাম্মদ লোকমান, মফিজুল ইসলাম, আবুল বাশার, শাহেদ আলম ও মনসুর আলম। পুলিশ গতকাল রাতে ক্যাম্পাস থেকে শিবিরের সভাপতিসহ পাঁচজনকে আটক করে। তবে মোহাম্মদ লোকমান পলাতক আছেন।উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য এম সবদার আলী তাঁর কার্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান এ টি এম কাউসার জামিলকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান মোহাম্মদ আবুল কাশেম।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।