ঢাকা ফিরেছে আগের চেহারায়, ফিরেছে যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল সাড়ে চারটা। রাজধানীর মালিবাগ মোড় থেকে মগবাজার পর্যন্ত সড়কে স্থবির হয়ে আছে সব যানবাহন। মোটরচালিত যানগুলোর ইঞ্জিন বন্ধ। পুরো সড়কে তীব্র যানজট। জটে আটকে থাকা একটি বাসের চালক আসাদুল্লাহ বলেন, ‘কখন জ্যাম ছাড়ে ঠিক আছে? এর চেয়ে ইঞ্জিন বন্ধ কইরা বইসা থাকাই ভালো। তাই ১০ মিনিট আগেই ইঞ্জিন বন্ধ করছি।’শুধু মালিবাগ-মৌচাক-মগবাজার নয়, গতকাল রোববার পুরো রাজধানীতেই ছিল কম-বেশি যানজট। যেমন থাকত ঈদের ছুটির আগে। ঈদ উপলক্ষে নগরের মানুষের একটি বড় অংশ বাড়ি যাওয়ায় গত সপ্তাহেও রাজধানী ছিল ফাঁকা। তারা আবার নগরে ফিরে আসায় ঢাকায় প্রাণচাঞ্চল্যের পাশাপাশি ফিরেছে পুরোনো যানজটও। আর যানজটে পড়ে মানুষকে পোহাতে হয়েছে ভোগান্তি।ঈদের ছুটির পর ঢাকার পুরোনো রূপ দেখা গেছে গতকালই প্রথম। সচিবালয়, আদালত, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রচুর মানুষের আনাগোনা ছিল। ব্যাংক-বীমা ও বিভিন্ন সেবা সংস্থার বিল পরিশোধের স্থানগুলোতেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। সচিবালয়ের ফটকে ছিল অপেক্ষমাণ দর্শনার্থীদের ভিড়। বিপণিবিতানগুলোতেও মানুষের আনাগোনা গত কয়েক দিনের তুলনায় বেশি ছিল।বিকেলে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও ছিল যানজট। সেখানে কথা হয় মিরপুরের বাসিন্দা আজিজুর রহমানের সঙ্গে। তিনি জানান, মিরপুর ২ নম্বর থেকে এখানে বাসে আসতে তাঁর সময় লেগেছে আড়াই ঘণ্টা। স্বাভাবিক যানজট হলেও এই পথ দেড় ঘণ্টায় আসা যায়।কাজী নজরুল ইসলাম এভিনিউ, মতিঝিল, পল্টন, নর্থ-সাউথ রোড, মিরপুর রোড, শেরাটন হোটেলের সামনের রাস্তা, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের আশপাশ ও যাত্রাবাড়ী-সায়েদাবাদে ছিল প্রচণ্ড যানজট। বিকেলে শাহবাগ মোড়ে ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, রমজান মাসের পর আজই (রোববার) সবচেয়ে বেশি যানবাহন রাস্তায় নেমেছে। যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে তাঁকেও হিমশিম খেতে দেখা গেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রচণ্ড যানজট ছিল। জটের কারণে অনেক যানকে প্রায় আধা ঘণ্টা এক স্থানে দাঁড়িয়ে থাকতে হয়। বৃষ্টির কারণে রাস্তায় ট্রাফিক পুলিশও ছিল কম।সকাল নয়টা থেকেই চন্দ্রিমা উদ্যানের সামনে এরোপ্লেন ক্রসিং থেকে বিজয় সরণি মোড় পর্যন্ত যানজট দেখা যায়। বৃষ্টির পর যানজট আরও তীব্র হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে ফার্মগেট পর্যন্ত দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যানগুলোকে ধীরে চলতে হয় জটের কারণে।ট্রাফিক পুলিশের সদস্য ও যানবাহনের চালকেরা জানান, জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউয়ে সচরাচর যানজট হয় না। তবে গতকাল প্রশস্ত ওই সড়কেও যানগুলোকে থেমে থাকতে হয়। আসাদগেটে আড়ংয়ের সামনে থেকে ধানমন্ডির রাসেল স্কয়ার পর্যন্ত দুই পাশের সড়কেই দুপুরের দিকে দীর্ঘক্ষণ যানজট ছিল।মানিক মিয়া এভিনিউর সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল ইসলাম বলেন, ‘ঈদের আগে যে ধরনের যানজট ছিল, আজ (রোববার) সে রকমই দেখা গেছে। অন্যদিন মোটরসাইকেল নিয়ে ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পেরেছি। কিন্তু আজ এখানেই আধা ঘণ্টা দাঁড়িয়ে আছি। জানি না কখন রাস্তা ফাঁকা হবে।’