ঢাকা ফোন ও র্যাংকসটেলের সুইচরুম আবারও বন্ধ করেছে বিটিআরসি
বেসরকারি ল্যান্ডফোন অপারেটর (পিএসটিএন) র্যাংকসটেল লিমিটেড ও ঢাকাফোনের সুইচরুম খুলে দেওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম। কমিশনের শর্তানুযায়ী সঠিক গ্রাহকতথ্য ও ই-ওয়ান সংযোগের তথ্য না দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে।আজ বুধবার বিকেলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ‘সন্তোষজনকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে’—এ ধরনের আশ্বাসের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধ করা সুইচরুমগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও প্রাথমিক চাহিদামতো গ্রাহকতথ্য ও করপোরেট গ্রাহকদের কাছে দেওয়া ই-ওয়ান সংযোগের তথ্য কমিশনে জমা না দেওয়ায় বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটির সুইচরুম আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।প্রসঙ্গত, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করার অভিযোগে ১৫ মার্চ ঢাকাফোন এবং ১৯ মার্চ র্যাংকসটেলের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয়েছিল প্রতিষ্ঠান দুটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পরে এ বিষয়ে গ্রাহকদুর্ভোগ কমানো ও আইনি পদক্ষেপের মাধ্যমে বিটিআরসি প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।তবে, বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের ভোগান্তির জন্য বিটিআরসির চেয়ারম্যান আন্তরিক দুঃখ প্রকাশ করেন।ভিওআইপির অবৈধ ব্যবসার অভিযোগে এ নিয়ে মোট পাঁচটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের সুইচরুম বন্ধ করল বিটিআরসি। অন্য প্রতিষ্ঠানগুলো হলো ওয়ার্ল্ডটেল, পিপলসটেল ও ন্যাশনাল ফোন। ১৭ মার্চ ওয়ার্ল্ডটেল, ২১ মার্চ পিপলসটেল ও ২৩ মার্চ ন্যাশনাল ফোনের সুইচরুম বন্ধ করে দেওয়া হয়।