ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল নাগাদ যানজট কিছুটা কমলেও যানবাহন চলছিল থেমে থেমে। এ কারণে মহাসড়কে প্রচণ্ড গরমে হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। যানজটের কারণে জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঁচ সহস্রাধিক পরীক্ষার্থী অংশ নিতে পারেননি। গতকাল গাজীপুর-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: জেলা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টানা চার দিনের হরতালের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সব যানবাহন একসঙ্গে রাস্তায় নামে। এ কারণে রাত নয়টা থেকে যানজট শুরু হয়। গভীর রাত থেকে অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়ক স্থবির হয়ে পড়ে। রাত থেকেই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও র্যাব যানজট নিরসনে রাস্তায় নামলেও বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। গতকাল টাঙ্গাইল জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। যানজটের কারণে বিভিন্ন উপজেলা থেকে পরীক্ষার্থীরা সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। সকাল নয়টার দিকে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে পরীক্ষার্থীদের বাস থেকে নেমে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়। রাজশাহী থেকে আসা পরীক্ষার্থী সুমা আক্তার জানান, যানজটের কারণে তিনি পরীক্ষা দিতে পারেননি। মধুপুর থেকে আসা এক পরীক্ষার্থী জানান, ‘ভোরে রওনা হয়ে টাঙ্গাইলের এম এম আলী কলেজ কেন্দ্রে যখন পৌঁছাই, ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম জানান, টাঙ্গাইলের ৩২টি কেন্দ্রে ২৭ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু যানজটের কারণে পাঁচ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর এরশাজুল হক জানান, বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ চলার কারণে সেতুর এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এ কারণে কয়েক মাস ধরে সেতুর ওপর দিয়ে গাড়ি ধীর গতিতে চলাচল করছে। তা ছাড়া কয়েক দিন হরতাল হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা পড়ে।গতকাল বিকেলে এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় পুরো সড়কেই শত শত বাস-ট্রাক আটকে আছে। বগুড়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী আকবর আলী জানান, সেতু থেকে টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে তাঁদের চার ঘণ্টার বেশি সময় লেগেছে। রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম বলেন, ‘সকাল আটটায় গাড়িতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়ে বিকেল সাড়ে তিনটায়ও বঙ্গবন্ধু সেতুতে পৌঁছাতে পারিনি। রাস্তার সর্বত্রই ট্রাফিক অব্যবস্থাপনা চোখে পড়েছে।’মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার সার্জেন্ট মো. বাহার জানান, হরতালের পর সাপ্তাহিক ও নববর্ষের ছুটি থাকায় মহাসড়কে গাড়ির চাপ অতিমাত্রায় বেড়েছে। এ জন্য মহাসড়কের যানজট তীব্র আকার ধারণ করেছে। গতকাল দুপুরের দিকে মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া থেকে জামুর্কী পর্যন্ত থেকে থেকে যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত নয়টার দিকে এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, মহাসড়কের দুই পাশ দিয়েই যান চলাচল শুরু হয়েছে। তবে সড়কে গাড়ি বিকল হওয়ার মতো কোনো ঘটনা না ঘটলে রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। গাজীপুর: গাজীপুর-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার দীর্ঘ যানজট ছিল। এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, টানা হরতাল ও পয়লা বৈশাখের ছুটির কারণে গাজীপুর-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল গাড়ির চাপ বেশি ছিল। এ কারণে ভোর থেকেই মহাসড়ক দুটির বিভিন্ন স্থানে ছিল দীর্ঘ যানজট। গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে সদর উপজেলার কোনাবাড়ী ও ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ১৫-১৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড ও চান্দনা চৌরাস্তা থেকে সালনা পর্যন্ত প্রায় ২০-২৫ কিলোমিটার এলাকায় যানজট ছিল। গতকাল রাত নয়টার দিকে সালনা হাইওয়ে থানার (প্রস্তাবিত) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, রাত ১২টার মধ্যে যানবাহনের চাপ কমতে পারে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।দাউদকান্দি: সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মা নিহত হন। যানজটে আটকা পড়েন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দাউদকান্দি হাইওয়ে পুলিশ, যানবাহনের চালক ও যাত্রীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের বাইপাস সড়ক দিয়ে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে গত সকাল সাড়ে ছয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার দাউদকান্দি টোলপ্লাজা থেকে মাধাইয়া পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহায়। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।