বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া ও কালাবদর নদীর মোহনায় দুটি মালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে কেউ নিখোঁজ হয়নি।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চলার সময় সংঘর্ষে দুটি কার্গো জাহাজই ডুবে যায়। দুটি জাহাজ ডুবে যাওয়ায় ঢাকা-বরিশাল নৌরুটের গুরুত্বপূর্ণ ওই চ্যানেল বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও লঞ্চ চালকেরা। তাঁদের মতে, দ্রুত চ্যানেল মুক্ত করতে না পারলে দুর্ভোগে পড়বে ঈদের ঘরমুখো মানুষদের নিয়ে আসা লঞ্চ ও স্টিমার। অন্যদিকে বিআইডব্লিউটিএ সূত্র জানায়, চ্যানেল চালু করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মৃধা জানান, দুই নদীর মোহনায় কয়লাবোঝাই এমভি নূর নোঙর করা ছিল। এ সময় পাথরবোঝাই সাগর বধূ পিছন থেকে এমভি নূরকে ধাক্কা দিলে দুটি কার্গো জাহাজই ডুবে যায়। এমভি নূরে আটজন এবং সাগর বধূতে নয়জন শ্রমিক ছিলেন। তাঁরা সবাই তীরে উঠেছেন।বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি ও লঞ্চ মাস্টার আবুল হাসেম প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত খনন না করায় ঢাকা বরিশাল নৌরুটের গুরুত্বপূর্ণ মেহেন্দীগঞ্জ বামনীর চরের ওই চ্যানেলের গভীরতা কম এবং পাশে মাত্র ৫০ ফিট। দুটি মালবোঝাই জাহাজ পাশাপাশি চলার কারণে ডুবে গেছে। দ্রুত ওই জাহাজ ওখান থেকে সরাতে না পারলে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল করা সম্ভব হবে না।বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। চ্যানেলটি নৌ চলাচলের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।