ঢাকা বাইপাস ফাঁকা, শহরের ওপর দিয়ে চলছে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে তিন শ কোটি টাকার মসৃণ রাস্তা, সেতুগুলোও ঝকঝকে। কিন্তু যানবাহন চলাচল খুবই কম। যানজটকবলিত মহাসড়কের যুগে ব্যতিক্রমী এ সড়কের নাম ঢাকা বাইপাস। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং সাভার ও গাজীপুর শিল্প এলাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সহজ যোগাযোগ নিশ্চিত করা এবং একই সঙ্গে ঢাকার ওপর চাপ কমানোর লক্ষ্যে নির্মিত এ সড়ক নির্মাণের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। প্রচারণার অভাব, চালকদের ঢাকায় প্রবেশের আগ্রহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ এটি ব্যবহার না করার প্রধান কারণ বলে অনুসন্ধানে জানা গেছে।ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট—এ দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কের সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সংযোগ তৈরি করেছে ঢাকা বাইপাস। কিন্তু ওই দুই মহাসড়কে ঘণ্টায় কয়েক হাজার যানবাহন চললেও বাইপাসে রাতদিন ২৪ ঘণ্টায় চলে সাকল্যে হাজার পাঁচেক। উদ্বোধনের এক বছর পরই নিম্নমানের নির্মাণকাজের জন্য অকেজো হয়ে আলোচিত এ সড়কটি সম্প্রতি মেরামতের পর প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা উদ্বোধন করেন। কিন্তু এর পরও আশানুরূপ ট্রাক চলাচল করছে না। ট্রাকগুলো ঢাকার ওপর দিয়েই চলছে। সন্ধ্যার পর রাজধানীর রামপুরা-কুড়িল সড়ক, গাবতলী, তেজগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় দেখা যায় ট্রাক ও কাভার্ড ভ্যানের ভিড়। নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ৪৮ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাসের নির্মাণ শুরু হয় ১৯৯৭-৯৮ অর্থবছরে। ২০০৬ সালে উদ্বোধন পর্যন্ত ব্যয় দাঁড়ায় ২৮১ কোটি টাকা। কিন্তু নির্মাণে দুর্নীতির কারণে এক বছরের মধ্যে সড়কটি অকেজো হয়ে পড়ে। বিগত তত্ত্বাবধায়ক সরকার প্রায় ৭৫ কোটি টাকায় মেরামতের কাজ শুরু করে। সব মিলিয়ে এর পেছনে খরচ হয়েছে ৩৫৬ কোটি টাকা।যানবাহনের সংখ্যা বাড়লে এ সড়কটি চওড়া করার পরিকল্পনাও রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে আট হাজার গাড়ি চলার মতো করে সড়কটি নির্মাণ করা হয়েছে। সওজের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে বাইপাসটি দিয়ে যে হারে গাড়ি চলছে, তাতে ঢাকার যানবাহন ব্যবস্থায় কোনো প্রভাবই পড়বে না। রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোলপ্লাজার তথ্যে জানা গেছে, গত বছর ৩১ জুলাই এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এক হাজার ১১৯টি। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চলে তিন হাজার ৭২৪টি যানবাহন। এযাবত্কালের মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার ২২০টি যানবাহন চলে গত ৩ মার্চ। তবে চলাচলকারী অধিকাংশ যানবাহনই স্থানীয় পর্যায়ের ও ছোট গাড়ি। গত বছর ৩১ জুলাই ট্রাক ও কাভার্ড ভ্যান চলেছিল ৫০০টি। এ বছরের ৩ মার্চ ট্রাক ও কাভার্ড ভ্যান চলে এক হাজার ৪৪৫টি। সড়কটি মেরামতের পর গত সাত মাসে ট্রাক ও কাভার্ড ভ্যানের চলাচল প্রায় এক হাজার বাড়লেও প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপসহ অন্য যানবাহন বেড়েছে সে তুলনায় বেশি, প্রায় তিন হাজার।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ধারণা হয়, সড়কটি সম্পর্কে না জানা, বিশ্রামসহ বিভিন্ন প্রয়োজনে চালকদের ঢাকায় প্রবেশের আগ্রহ ও কিছুটা নিরাপত্তাহীনতার বোধ এটি কম ব্যবহারের মূল কারণ। কালীগঞ্জের উলুখোলায় কথা হয় কাভার্ড ভ্যানের চালক মো. বাবলুর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা বাইপাস দিয়ে গেলে উত্তরবঙ্গের যেকোনো গন্তব্যে এক থেকে দুই ঘণ্টা সাশ্রয় হয়। কাঞ্চন সেতু এলাকায় ট্রাকচালক আ. মতিন বলেন, এই সড়কটি একেবারে ফাঁকা। কিন্তু অনেকেই সেটা জানে না। ফাঁকা রাস্তা পেয়ে অনেক চালক মালবাহী গাড়ি পাশে দাঁড় করিয়ে ঘুমান। বিকল গাড়িও রাস্তার ওপর মেরামত করা হয়।বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম প্রথম আলোকে জানান, দেশে প্রতিদিন চলা আনুমানিক ৫০ হাজার ট্রাক-কাভার্ড ভ্যানের অন্তত ৩০ হাজার ঢাকা হয়ে বিভিন্ন জেলায় যায়। ট্রাক মালিক সমিতির সহসভাপতি মাহবুব চৌধুরী বলেন, ‘ঢাকা বাইপাসটি সম্পর্কে মানুষ এখনো জানে না। তাই সড়কটির পুরোপুরি ব্যবহার হচ্ছে না।’ চালক, মালিক ও স্থানীয় লোকজন আরও জানান, বাইপাস সড়কটির জিন্দা পার্ক ও উলুখোলাসহ কয়েকটি এলাকায় প্রায়ই মালবাহী ট্রাকে ডাকাতি হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সড়কটিতে ট্রাক চলাচল নিশ্চিত করার জন্য তিনি সওজকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন। মন্ত্রী জানান, এটি আরও চওড়া করা হবে। নিরাপত্তা বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার প্রথম আলোকে বলেন, রূপগঞ্জ থানার অধীনে দুটি টহল দল সক্রিয় রয়েছে। সম্প্রতি ডাকাতির শিকার একটি ট্রাক ও রড উদ্ধার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।