ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) ভাগ করে সংসদে পাস হওয়া আইনটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন দ্রুত ডিসিসি নির্বাচন করার নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং উইংয়ের সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।তবে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থা জারির বিষয়ে বেঞ্চের দুই বিচারপতি দুই মত পোষণ করেন। ফলে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। বিভক্ত হয়ে যায় ঢাকা সিটি করপোরেশন। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি আলাদা সিটি করপোরেশন গঠনের কথা বলা হয়। এখন শুধু রাষ্ট্রপতির সম্মতি ও গেজেট প্রকাশের অপেক্ষা। এই আনুষ্ঠানিকতা শেষ হলেই আইনটি কার্যকর হবে।এ অবস্থায় ডিসিসির বিদায়ী মেয়র সাদেক হোসেন গতকাল সকালে রিট আবেদনটি করেন। বিকেলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।এদিকে ঢাকা বিভক্তি-সংক্রান্ত আইনে গতকাল রাত পর্যন্ত রাষ্ট্রপতির সই হয়নি বলে জানা গেছে। ফলে গেজেটও হয়নি। গতকাল রাত পৌনে আটটায় রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া টেলিফোনে প্রথম আলোকে বলেন, তিনি কার্যালয়ে থাকা পর্যন্ত সইয়ের জন্য বিল বঙ্গভবনে যায়নি। এর কিছুক্ষণ আগে পৌনে সাতটায় সরকারি মুদ্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গেজেট ছাপানোর জন্য তাঁদের কাছে কপি যায়নি।রিট ও শুনানি: রিট আবেদনের পর দুপুরে বিষয়টি সম্পূরক কার্য তালিকায় আসে। রিট দায়েরের পর বিদায়ী মেয়র প্রথম আলোকে বলেন, ঢাকাকে ভাগ করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। সংবিধান ও বিধিবিধান অনুসরণ না করেই সংসদে এটা পাস করা হয়েছে। বিভক্তির কোনো যৌক্তিকতা নেই। এই বিভক্তি সংবিধান পরিপন্থী। বেলা দুইটায় আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন কামাল হোসেন। তিনি বলেন, পুরো পরিস্থিতি আদালতের অনুধাবন করা প্রয়োজন। কয়েক মিনিটে সংসদে বিল পাস হয়েছে। এ সংশোধনী সংবিধানের ৫ অনুচ্ছেদকে আঘাত করেছে। ওই অনুচ্ছেদে রাজধানী হবে ঢাকা। অপর মামলা শুনানির জন্য রয়েছে জানিয়ে একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আরজি জানান। পরে আদালত বিকেল চারটায় শুনানির ক্ষণ নির্ধারণ করেন। শুনানিতে কামাল হোসেন বলেন, কয়েক মিনিটে ঢাকা ভাগ হয়ে গেল। সুপারসনিক অ্যাকশন ইজ নট ডেমোক্রেসি। সামরিক শাসনেই এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধান কোনো ধরনের সুপারসনিক গতিকে সমর্থন করে না। এটা গণতান্ত্রিক রীতি নয়। জনগণের মতামত না নিয়ে ও সংসদে কোনো আলোচনা ছাড়াই বিল পাস হয়েছে।কামাল হোসেন আরও বলেন, বিল পাসের মাধ্যমে অনেক সাংবিধানিক বিচ্যুতি ঘটেছে। সংবিধানে বলা হয়নি উত্তর-দক্ষিণ ঢাকা রাজধানী হবে। সংবিধানে আছে, রাজধানী হবে ঢাকা। রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। ঢাকা ভাগ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের মতো সংসদ সদস্য সরকারের রয়েছে। সরকার চাইলে নতুন সংবিধান তৈরি করতে পারবে। কিন্তু সংবিধান সংশোধন না করে সুপারসনিক গতিতে যেভাবে বিল পাস হয়েছে, তা সংবিধানের প্রতি চরম অশ্রদ্ধা।কামাল হোসেন বলেন, আইন অনুযায়ী করপোরেশনের মেয়াদোত্তীর্ণের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। এই সময়ের মধ্যে নির্বাচন কেন হলো না, তা ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ডাকা প্রয়োজন। দুই সপ্তাহের রুল জারি করে বিষয়টি শুনানির আরজি জানান তিনি। অপর কৌঁসুলি আখতার ইমাম বলেন, নির্বাচিত সরকারের শাসনের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। অথচ এখন প্রশাসক নিয়োগ দেওয়ার কথা হচ্ছে। প্রশাসকদের যোগ্যতার কথা আইনে বলা নেই। এখন যেকোনো ব্যক্তিকেই প্রশাসক নিয়োগ দেওয়া যাবে। যেকোনো সরকারই রাজনৈতিকভাবে এ আইনের অপব্যবহার করতে পারে।পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ওই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই রাজনৈতিক উদ্দেশে রিটটি করা হয়েছে। বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগেই তা চ্যালেঞ্জ করে রিট চলতে পারে না। এ নিয়ে বিলম্ব করলেও সমস্যা নেই। অতীতে বিল পাসের অনেক বছর পর পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছিল। এরপর আদালত আদেশ দেন।রুল জারির পর: আদালত থেকে বেরিয়ে ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রুল জারি করেছেন। তবে স্থিতাবস্থা জারির বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। ফলে এ বিষয়টি নিষ্পত্তির জন্য এখন তৃতীয় বেঞ্চে যাবে। অপর আইনজীবী আখতার ইমাম বলেন, পাস হওয়া ওই আইনে প্রশাসক নিয়োগের কথা বলা আছে। যাতে কাউন্সিলরসহ বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসক নিয়োগ না করা হয়, সে জন্য স্থিতাবস্থা চাওয়া হয়েছিল। জ্যেষ্ঠ বিচারপতি তা মঞ্জুর করলেও অপর বিচারপতি একমত হননি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করা উচিত হবে না।তবে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বর্তমান অবস্থায় নতুন দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে আইনগত কোনো বাধা নেই।