ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরের অধীন ১০টি শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগের জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের নেওয়া ওই সিদ্ধান্তের কথা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।জানা যায়, ঢাকা বিভাগীয় কমিশনার খন্দকার শওকত হোসেন পেশাগত প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশে থাকার সময়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বোর্ড মৌখিক পরীক্ষা গ্রহণ করে। বিভাগীয় কমিশনার দেশে ফিরে জানতে পারেন, মৌখিক পরীক্ষার ফলাফলে অনেক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকেনি। অনিয়মের অভিযোগ পান তিনি। এ রকম অভিযোগ জানিয়ে বিভাগীয় কমিশনার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে সম্প্রতি একটি চিঠি দিয়েছেন।জানতে চাইলে বিভাগীয় কমিশনার এ কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, স্বচ্ছতার স্বার্থে পুনরায় মৌখিক পরীক্ষা আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে এই পরীক্ষা বাতিলসংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি তিনি পাননি। চিঠি পেলে মে মাসের মধ্যে প্রায় আড়াই হাজার প্রার্থীকে নতুন প্রবেশপত্র দিয়ে মৌখিক পরীক্ষার কার্যক্রম শেষ করবেন।ওই সময় অতিরিক্ত কমিশনার মাসুদুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে তিনি দাবি করেন, পরীক্ষা নেওয়ার সময় কোনো রকম অনিয়ম বা অন্যায় করেননি। খাদ্য অধিদপ্তরের বেঁধে দেওয়া বিধিবিধান ও নীতিমালার আলোকে পরীক্ষা গ্রহণ ও ফল চূড়ান্ত করেছেন।২০০৪ সাল থেকে অধিদপ্তরের ১০টি ভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়। প্রথমবার পে-অর্ডার এবং দ্বিতীয়বার দরখাস্ত খোয়া যাওয়ার ঘটনায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০০৬ সালে আবার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। পরীক্ষাও সম্পন্ন হয়। কিন্তু সংস্থাপন মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ দিতে না পারায় শেষ পর্যন্ত তাও বাতিল করা হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও একবার উদ্যোগ নেওয়া হলেও নিয়োগ শেষ করা যায়নি।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রুত নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নেয়। নতুন করে আহ্বানের পরিবর্তে বিগত সময়ে নেওয়া আবেদনগুলোর ভিত্তিতে ২০০৯ সালের ২৪ এপ্রিল লিখিত পরীক্ষা সম্পন্ন করে। ওই পরীক্ষার ফল প্রকাশ হয় গত বছরের ২৩ অক্টোবর। এর প্রায় দেড় মাস পর দেশের ছয়টি বিভাগে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে জানান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ বিভাগীয় কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে আগের মৌখিক পরীক্ষা বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ঢাকা বাদে অন্য পাঁচ বিভাগের ফল অপরিবর্তিত থাকছে।