ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন ৭৪ ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ৭৪ ভারতীয় নাগরিক। তাদের ঢাকা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির কোন ফ্লাইট না থাকায় তাঁরা যেতে পারছে না। বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক অঞ্জনা সরকার মুঠোফোনে প্রথম আলোকে জানান, রসায়নবিদদের একটি সম্মেলনে যোগ দিতে তারা সবাই ৯ জুন কুয়ালালামপুরে গিয়েছিলেন। সেখান থেকে ১৬ জুন রাত ২ টায় বিমানের একটি ফ্লাইটে তাদের ভোরে ঢাকায় ফেরার কথা ছিল। এরপর সকাল ৮ টায় বিমানের আরেকটি ফ্লাইটে (বিজি০৮০৫) তাদের দিল্লি যাওয়ার কথা ছিল। অঞ্জনা জানান, ১৬ জুনের রাত ২ টার ফ্লাইটটি (বিজি ০৯৭) পরদিন শনিবার বিকেল পাঁচটায় কুয়ালালমপুর ছেড়েছে। রাত আটটায় তারা ঢাকায় এসে পৌঁছান। এরপর বিমানের সঙ্গে যোগাযোগ করলে তাদের জানানো হয়, আগামী দুইদিনে ঢাকা থেকে দিল্লির কোন ফ্লাইট নেই। তাই বিমান কিছু করতে পারছে না। অঞ্জনা জানান, ‘আমাদের অনেকের কাছেই ভারতীয় রুপি ছাড়া আর কোন মুদ্রা নেই। বিমান কর্তৃপক্ষ এখন আমাদের রাখবে কিনা কিংবা রাখলেও কোথায় রাখবে সেটি আমাদের বলছে না। এখন কবে আমরা দিল্লি যেতে পারব সেটিও আমাদের জানাচ্ছে না। বাধ্য হয়ে আমরা প্রথম আলোতে ফোন করেছি। আপনারা কিছু করুন’। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে সমস্যার কারণেই কুয়ালালামপুরে বিমানের ফ্লাইটটি দেরিতে পৌঁছেছিল। ফলে আসতেও দেরি হয়েছে। আমরা তাদের হোটেলে থাকার কথা বলেছিলাম। তারা রাজি হয়নি। আর সোমবারের আগে আমাদের দিল্লিতে বিমানের কোন ফ্লাইটও নেই। এখন আমরা জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিট থাকা সাপেক্ষে তাদের পাঠানোর চেষ্টা করছি। এছাড়া কলকাতাগামী ফ্লাইটে করে তাদের সেখান থেকে দিল্লিতে পৌঁছানোর চেষ্টা করছি। বিমানের ফ্লাইটে করে যথা-দ্রুত সম্ভব আমরা তাদের পাঠাব’।