ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪ ককটেল (ভিডিও)
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ মঙ্গলবার সকালে ১৪টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে পলাশী এলাকায় সাতটি, নীলক্ষেত এলাকায় পাঁচটি ও শাহবাগ মোড়ের দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ ক্যাম্পাসে ছাত্রদল আসতে পারে—এমন খবরের ভিত্তিতে ভোর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অবস্থান নেন। ক্যাম্পাসে প্রবেশে ছাত্রদলের নেতা-কর্মীরাও জড়ো হতে থাকেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পলাশী এলাকায় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল পৌনে ১০টার দিকে শাহবাগ মোড়ের দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে ওই এলাকার লোকজন ছোটাছুটি শুরু করে। অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেমসহ আশপাশের ভবনগুলোতে আশ্রয় নেয়। ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বারডেম হাসপাতালের চত্বর থেকে একজনকে আটক করা হয়েছে। সকাল ১০টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হীরুর নেতৃত্বে নীলক্ষেত এলাকা দিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় এফ রহমান হলের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশ তাঁদের ধাওয়া করে। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে এদিক-সেদিক চলে যান। এ সময় ওই এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার টহল পরিদর্শক শহীদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রদলের কর্মীরা হীরুর উপস্থিতিতে ছয়টি ককটেল ছোড়েন। এর মধ্যে পাঁচটি বিস্ফোরিত হয়। একটি ককটেল অবিস্ফোরিত ছিল। পুলিশ সেটি উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।