ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া হল থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে আজ মঙ্গলবার সকালে একজন ভুয়া শিক্ষার্থীকে আটক করে গণধোলাই দিয়েছে হলের সাধারণ শিক্ষার্থীরা। হল কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যুবক নিজেকে টিপু বলে পরিচয় দিয়েছে এবং তাঁর গ্রামের বাড়ি বরিশাল। কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, টিপু দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন হলে অবস্থান করে আসছে। জিয়া হলের মসজিদে অবস্থানরত শিক্ষার্থীদের বইপত্র ও অন্যান্য জিনিস চুরির অভিযোগে আজ সকালে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী টিপুকে চ্যালেঞ্জ করে। পরে তার ব্যাগ তল্লাশি করে চুরি যাওয়া বইপত্র, টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা টিপুকে দুই দফা গণধোলাই দেয়। জিয়া হলের আবাসিক শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন জানিয়েছেন, টিপু ভুয়া শিক্ষার্থী। তার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে। ওই যুবককে হল কার্যালয়ে আটক করে রাখা হয়েছে।