ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদদীন হল থেকে প্রশ্নপত্রসহ গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুই জনকে আটক করা হয়েছে। প্র্রশ্নপত্রটি আজ শুক্রবার অনুষ্ঠিত সহকারী উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার বলে আটক ব্যক্তিরা দাবি করেছেন। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে ফাঁস হওয়া ওই প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের বেশ মিল পাওয়া গেছে। আটক ব্যক্তিরা হলেন—তৌহিদুল ইসলাম ও ইসমত মেজবাহউদ্দিন। তাঁদের দাবি, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তৌহিদুল ইসলাম দাবি করেছেন, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। আর ইসমত মেজবাহউদ্দিনের দাবি, তিনি ২০০৩-০৪ শিক্ষাবর্ষে দর্শনের ছাত্র ছিলেন।তবে এ দুজনের এ ধরনের দাবির ব্যাপারে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত হতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রাত সোয়া একটার দিকে জসীমউদদীন হলের দোতলায় ছাত্ররা দুজনকে মুঠোফোনে প্রশ্নপত্র নিয়ে কথা বলতে শোনেন। বিষয়টি তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সন্দেহে শাপলা ও গোলাপ নামের দুটি প্রশ্নপত্রের সেটের ফটোকপি উদ্ধার করেন।ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীর অভিযোগ, তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রাতেই যোগাযোগের চেষ্টা করেন। তবে কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে আজ সকাল পৌনে নয়টার দিকে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব বরুণ মিত্রের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় সচিব বিষয়টি নিয়ে সহযোগিতা না করে দুর্ব্যবহার করেন বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে খাদ্যসচিব বরুণ মিত্রের বক্তব্য জানার জন্য সকালে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় সাত বিভাগের কমপক্ষে ২৩ হাজার প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কুড়িগ্রাম, ময়মনসিংহসহ কয়েকটি জেলার পরীক্ষার্থীদের কাছে জানতে চেয়ে ফাঁস হওয়া প্রশ্নগুলোর সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। ফাঁস হওয়া শাপলা প্রশ্নপত্র সেটের সঙ্গে মূল প্রশ্নপত্রের অনেক প্রশ্নের মিল পাওয়া গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজনকে থানায় রেখে গেছে। খাদ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।