ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারীসহ গ্রেপ্তার হওয়া সব ব্লগারের মুক্তির দাবিতে আজ শনিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বেলা দেড়টা থেকে পৌনে তিনটা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনের বারান্দায় অবস্থান নেন। দাবির বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, এটি শুধু আন্দোলনকারীদের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।এর আগে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেন। সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষক মেজবাহ কামাল, বাংলা বিভাগের শিক্ষক রফিকউল্লাহ খান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মসিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে সুব্রত অধিকারীসহ গ্রেপ্তার হওয়া সব ব্লগারের দ্রুত মুক্তির দাবি জানানো হয়। এরপর তাঁরা সেখান থেকে উপাচার্যের কার্যালয়ে যান। বিভিন্ন ব্লগে ইসলাম অবমাননার অভিযোগে সম্প্রতি চার ব্লগারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন, সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।