ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভুয়া ছাত্রকে পুলিশে সোপর্দ
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার শাহরিয়ার আরেফিন নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাহরিয়ার আরেফিন ২০০৯-১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষার ফরমে আরেফিন তাঁর নিজের নাম সঠিকভাবে লিখলেও ছবির স্থলে সংযুক্ত করেছিলেন তাঁর বন্ধু কিবরিয়া রাজনের ছবি। আর শাহরিয়ার আরেফিন নামেই তাঁর বন্ধু কিবরিয়া রাজন পরীক্ষায় অংশ নেন। এত দিন এ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসেনি। গতকাল বুধবার সকালে শাহরিয়ার আরেফিন তাঁর বিভাগে জমা দেওয়া সার্টিফিকেট তুলতে যান। সার্টিফিকেট তোলার জন্য বর্তমানে পূরণ করা ফরমে জমা দেওয়া ছবির সঙ্গে আগের ছবির মিল না পাওয়ায় বিভাগ তাঁকে প্রবেশপত্র আনতে বলে।আজ সকালে শাহরিয়ার আরেফিন তাঁর প্রবেশপত্র নিয়ে বিভাগে আসেন। বিভাগীয় কর্তৃপক্ষ প্রবেশপত্রের সঙ্গে শাহরিয়ার আরেফিনের ভর্তি ফরমের ছবির মিল না পেয়ে তাঁকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহরিয়ার আরেফিন তাঁর অপরাধ স্বীকার করেছেন।