ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন গুলিবিদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকারীদের গুলিতে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতের দাবি, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। রফিকুল একটি মোবাইল ফোন কোম্পানির পরিবেশক। তিনি মোবাইল কার্ড ও সিম সরবরাহ এবং ফ্লেক্সিলোডের টাকা সংগ্রহ করে থাকেন। আজ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের বিভিন্ন মোবাইল ফোনের দোকানে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে যান। কাজ শেষে তিনি হেঁটে শাহবাগের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোটরসাইকেল আরোহী তিন যুবক রফিকুলের গতি রোধ করে। তারা তাঁর বুকের বাঁ-দিকে গুলি করে হাতের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত রফিকুলের দাবি, তাঁর ব্যাগে বিভিন্ন দোকান থেকে তোলা চার লাখ টাকা ছিল।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।