ঢাকা বিশ্ববিদ্যালয়: জালিয়াতি করে ভর্তির মেধাতালিকায়
জালিয়াতি করে ২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী ভর্তি হচ্ছেন এমন অভিযোগ পাওয়া গেছে। কোচিং সেন্টার ও জালিয়াত চক্রকে টাকা দিয়ে শিক্ষার্থীরা মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। কয়েকটি পরীক্ষা কেন্দ্রের কিছু শিক্ষক ও দারোয়ানের সহযোগিতায় চক্রটি এ কাজ করেছে।বিচ্ছিন্ন কিছু ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলেও জালিয়াত চক্রকে খুঁজে বের করতে পারেনি। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিপর্যয়ের পরও জালিয়াত চক্রের বিষয়ে কর্তৃপক্ষ অনেকটাই নীরব রয়েছে এমন অভিযোগ অনেকেরই।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রতিবছরই কমবেশি উঠছে। ২০১০-১১ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে উত্তর সরবরাহ করে কয়েকজনকে ভর্তি করিয়ে দেওয়ার চুক্তি করেছিল একটি চক্র। তখন পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশের বিশেষ বাহিনী র্যাব যৌথভাবে এ চক্রের কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে।একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ বছর মূলত দুটি উপায়ে পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহযোগিতা করেছে ওই চক্র। প্রথমত, মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে তারা চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের উত্তর পাঠিয়ে দেয়। দ্বিতীয়ত, কয়েকটি কেন্দ্রের কিছু শিক্ষকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের উত্তরপত্র পূরণ করতে সহায়তা করে।গত বছর ১৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ ভর্তিসহ সব পরীক্ষায় মুঠোফোন ব্যবহার বন্ধের সুপারিশ করে। ওই সুপারিশ অনুযায়ী ২৭ জানুয়ারি সিন্ডিকেটের সিদ্ধান্তে বলা হয়, পরীক্ষার কক্ষে মুঠোফোন আনলে কিংবা তাতে সংরক্ষিত তথ্য থেকে নকল করলে তা অসদুপায় অবলম্বন হিসেবে বিবেচিত হবে এবং এ জন্য শিক্ষার্থী শাস্তি পাবে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষকেরা সচেতন থাকলেও বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রগুলোতে এ বিষয়ে নজর দেওয়া হয় না।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু কেন্দ্রে জালিয়াত চক্র সক্রিয় থাকে। এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০টি কেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রায় প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় এই চক্রগুলো সক্রিয় ছিল।‘গ’ ইউনিট: গত ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা চলাকালে মুঠোফোন নিয়ে প্রবেশ করায় এক পরীক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ। শহিদুল ইসলাম নামে ওই পরীক্ষার্থী ঢাকা সিটি কলেজের ছাত্র। বোরহানুদ্দীন কলেজ কেন্দ্রের ৩২২ নম্বর কক্ষে তিনি পরীক্ষা দিচ্ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বংশাল থানায় একটি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সে (শহিদুল) একজন অপরাধী। তার মুঠোফোনে ‘গ’ ইউনিটের সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে এক লাখ টাকার বিনিময়ে একজনের সঙ্গে তার এ বিষয়ে চুক্তি হয়। তবে এক বন্ধুর মাধ্যমে চুক্তি হওয়ায় ওই ব্যক্তিকে সে চিনে না বলে দাবি করছে।’ ফরিদউদ্দিন বলেন, শহিদুলের মতো আরও কিছু শিক্ষর্থী এ সুযোগ নিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওই চক্রের কাছ থেকে মোট ১৩ জন শিক্ষার্থী সুবিধা নিয়ে পরীক্ষা দিয়েছেন। তাঁরা সবাই পরীক্ষার সময় নকিয়া ১২৮০ মডেলের মুঠোফোন ব্যবহার করেছিলেন। এঁদের চারজনের পরীক্ষার কেন্দ্র ছিল ইডেন কলেজে। ওই কলেজের একজন দারোয়ানের মাধ্যমে মুঠোফোনগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়।২১ ডিসেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বেরিয়েছে। জালিয়াতি করে পরীক্ষা দেওয়া ওই ১৩ জনের প্রায় সবাই মেধাতালিকায় ভালো স্থান দখল করেছেন। একজন শিক্ষার্থী তালিকার প্রথম ২০ জনের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।‘খ’ ও ‘ঘ’ ইউনিট: ১ ডিসেম্বর ‘ঘ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার দিতে এলে লিখিত পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতির মাধ্যমে মেধাতালিকায় স্থান করে নেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ। ওই দুই শিক্ষার্থী হচ্ছেন ১২তম স্থান অধিকারী মো. মুস্তাফিজুর রহমান ও ৪৪তম স্থান অধিকারী ফয়সাল আহমেদ মাসুম। আটক করা দুজন শিক্ষার্থীর মুঠোফোনের খুদেবার্তায় ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পায় কর্তৃপক্ষ। একইসঙ্গে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তরও পাওয়া যায় খুদেবার্তায়।আটক করা দুই শিক্ষার্থীকে প্রাথমিকভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে রাতেই অভিযান চালানো হয় বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ৩০১১ নম্বর কক্ষে। ওই কক্ষে থাকতেন ইউসিসি কোচিং সেন্টারের শিক্ষক মাহবুব। তিনি ওই কোচিং সেন্টারে সাধারণ জ্ঞানের ক্লাস নিতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে মাহবুব আগেই পালিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পায়নি পুলিশ। ভর্তি পরীক্ষার জন্য ইউসিসি কোচিং সেন্টারে পাঠ নিয়েছেন এমন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেছেন, পরীক্ষার আগে মাহবুবসহ কোচিং সেন্টারের চারজন শিক্ষক ২০-২৫ জন ছাত্রের একটি দলের সঙ্গে চুক্তি করেন। এঁরা চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের কোচিংয়েই মুঠোফোনে জালিয়াতির বিষয়ে শিক্ষা দিতেন। আর পরীক্ষার আগ মুহূর্তে শেষ প্রস্তুতির জন্য তাঁরা মিলিত হতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের মাহবুবের কক্ষে।আটক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা বা আরও জিজ্ঞাসাবাদ না করেই তাদের ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রক্টর বলেন, ওই দুই শিক্ষার্থীর বিষয়ে যাবতীয় তথ্য কর্তৃপক্ষের কাছে রয়েছে। যেকোনো সময় তাদের ডেকে পাঠানো হবে।এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জালিয়াত চক্রের মাধ্যমে কিছু শিক্ষার্থীর ভর্তি হওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।