২০১১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল, তখন পরিষ্কার হয়ে গেল যে, কেক কাটা, বর্ণাঢ্য প্যারেড, নাটক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষক-ছাত্রকেন্দ্রে আলোচনা আর নয়টা পায়রা অবমুক্ত করা ছাড়া উদ্যাপনের তেমন কিছু ছিল না। ২০১০ সালের কৃয়াকুরেল্লি সাইমন্ডস (কিউএস) র্যাংকিংয়ে আমার নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ৫৫০তম থেকে ৬০০তমের মধ্যে। আরও খারাপ খবর হলো, বিশ্ববিদ্যালয়টির মর্যাদা ক্রমাগত পড়তির দিকে। ২০০৫ সালে কিউএস র্যাংকিংয়ে এর অবস্থান ছিল ৩৬৫তম। বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ২০১১ ওয়েবোমেট্রিক র্যাংকিংয়ে প্রাচ্যের অক্সফোর্ডের স্থান ৩৬২৭তম আর বুয়েটের স্থান ২১০৮তম।আমাদের এই বিরাট অধঃপতনের ইতিহাস ঘাঁটতে গেলে একটা ঘটনার হদিস পাওয়া যায়—সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩। এর অনিবার্য ফল হিসেবে ‘মেধাতন্ত্রের’ জায়গা দখল করে ‘গণতন্ত্র’। এর কোনো ব্যত্যয় ঘটে না। সেই মাইলফলক ঘটনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এক জায়গায় এভাবে বর্ণনা করা হয়েছে: এর মধ্য দিয়ে ‘গণতান্ত্রিক রীতিনীতি ও স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানটির অঙ্গাঙ্গী বৈশিষ্ট্যে পরিণত হয়’। তার পর থেকে উপাচার্য, ডিন নিয়োগের ক্ষেত্রে তথাকথিত গণতান্ত্রিক অনুশীলন চলতে থাকে আর উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণগত মানের নিশ্চয়তা সম্পূর্ণ ছাড় দেওয়া হতে থাকে। ওয়েবসাইটে প্রদত্ত সর্বশেষ তথ্যে দেখা যায়, বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে পূর্ণ অধ্যাপকের হার বর্তমানে ৪৩.১ শতাংশ। জীববিজ্ঞানে এটা শতকরা ৫৩.৪ শতাংশ। প্রভাষকদের বাদ দিলে শতাংশ হার বেড়ে দাঁড়াবে যথাক্রমে ৫১.৫ ও ৬৬.৫-এ। এটা একেবারেই বিস্ময়কর নয়, কেননা এখন পদোন্নতি হয় কেবল রাজনৈতিক সম্পৃক্ততা এবং আগের পদে কেউ কতটা সময় ছিলেন তার ভিত্তিতে; তাঁর পাণ্ডিত্যের রেকর্ড যা-ই হোক না কেন। দ্রুত কোনো অনুসন্ধান চালালে স্পষ্ট হবে যে, ১৯৭২ সাল থেকে একের পর এক যিনি উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁর গবেষণা রেকর্ড আগের উপাচার্যের চেয়ে সাধারণভাবে খারাপ ছিল। উদাহরণস্বরূপ, সম্প্রতি গুগল স্কলারে খোঁজ করে দেখা যায়, ১৯৯০ সালের পর নিযুক্ত সব উপাচার্যের প্রকাশিত লেখার পরিমাণ সেখানে খুব নগণ্য। তাঁদের লেখার উদ্ধৃতি গড়ে ৪.৮ আর তাঁদের সারা জীবনের কাজের উল্লেখ গড়ে ৪০.৪। এ দিক থেকে সবচেয়ে এগিয়ে যিনি, তাঁর কাজের উল্লেখ ১৪ বার আর সর্বমোট ১৫৩ বার।গত কয়েক বছর বাংলাদেশি সব প্রতিষ্ঠান তাদের কিছু উদ্দেশ্যসাধনের জন্য নিয়মিত জার্নাল প্রকাশ করে যাচ্ছে, যেগুলোর মান ভালো নয়। জার্নালগুলো একটা মিথ্যা অভিব্যক্তি তৈরি করে যে, শিক্ষকেরা গবেষণা কাজে নিয়োজিত আছেন। অথচ তাঁদের বেশির ভাগ কাজই বিশ্বের অন্য কোথাও কারও দৃষ্টি কাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদ এখন ছয়টি অর্ধবার্ষিক ইংরেজি জার্নাল এবং একটি ১০ মাসিক বাংলা জার্নাল প্রকাশ করে। বিভাগ থেকে প্রকাশিত ১০টি জার্নালের বাইরে এগুলো প্রকাশিত হয়। ছয়টি বিশ্ববিদ্যালয় জার্নাল ১৯৫০-এর দশকে শুরু হওয়া ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজের প্রশাখা হিসেবে উদ্ভূত। অবশ্য জার্নাল অব স্ট্যাটিসটিক্যাল রিসার্চ-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৭০-এর দশকে। আমি যে তথ্যভান্ডার এখানে ব্যবহার করেছি তাতে এসব জার্নালের কোনোটাই আসেনি। এগুলো প্রতিবছর পর্যাপ্ত সংখ্যায় বেরোয় না, আবার কোনো বিশেষ ক্ষেত্রে ফোকাস ও গভীরতা থাকে না এবং মানসম্পন্ন হয় না। আর তাই নিজে উল্লেখের বাইরে অন্য কারও দ্বারা উদ্ধৃত হওয়ার যোগ্য হয়ে ওঠে না। এসব এখন মহামারির মাত্রা লাভ করেছে বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, তা সরকারি-বেসরকারি যা-ই হোক, এ ধরনের জার্নাল প্রকাশিত হয়। যে দুটি জার্নাল তালিকায় এসেছে (বাংলাদেশ জার্নাল অব ফার্মাকোলজি এবং বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি) তার কোনোটাই বিশ্ববিদ্যালয়ভিত্তিক নয়। এটা অনেক তাৎপর্যপূর্ণ। সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিংস (এসআইআর) প্রতিবেদনে যুক্তিসিদ্ধ পন্থায় বিভিন্ন প্রতিষ্ঠানের র্যাংকিং করা হয়। বর্তমানে এর তৃতীয় আবর্তন চলছে। ২০১১ সালে উদ্ধৃতিদান ও প্রকাশনার ওপর ভিত্তি করে ৩০৪২টি প্রতিষ্ঠানের র্যাংকিং করেছে। এই ৩০৪২টি প্রতিষ্ঠান (যার মধ্যে ২০১০টি বিশ্ববিদ্যালয়) মিলে ২০০৫-২০০৯ সময়ে সারা বিশ্বের বৈজ্ঞানিক প্রকাশনার ৮০ শতাংশ উৎপাদন করেছে। যদিও বাংলাদেশে ৭৫টির মতো বিশ্ববিদ্যালয় আছে, তবে এসআইআর প্রতিবেদনে স্থান পাওয়ার মতো পর্যাপ্ত প্রকাশনা ছিল এদের মধ্যে মাত্র চারটির। তুলনায় ভারতের ৩১০টির মধ্যে ১১১ এবং পাকিস্তানের ১২৬টির মধ্যে ১৩টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।এসআইআর প্রতিবেদনে কোনো প্রতিষ্ঠানকে পরিমাপ করা হয় পাঁচটি সূচকের সাহায্যে: (ক) জার্নালে প্রকাশনা (আউটপুট ইন জার্নালস); (খ) আন্তর্জাতিক সহযোগিতা (আইসি), যা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তৈরি কাজের অনুপাত প্রদর্শন করে; (গ) শতকরা হিসেবে সাধারণ প্রভাব (এনআই), যা প্রতিষ্ঠানের গড় বৈজ্ঞানিক প্রভাব ও বৈশ্বিক গড়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে; (ঘ) প্রকাশনার মান (কিউপি), এটা পরিমাপ করা হয় ২৫ শতাংশ শীর্ষ জার্নালে জায়গা পাওয়া প্রকাশনার অনুপাতের ভিত্তিতে; এবং (ঙ) উৎকর্ষতার হার (ইআর), যা সর্বাধিক উদ্ধৃত লেখার শীর্ষ ১০ শতাংশের মধ্যে কত শতাংশ জায়গা করে নিতে পেরেছে। ২০০৫-২০০৯ সময়ে ভারতের ১১১টির মধ্যে ৫৮টি এবং পাকিস্তানের ১৩টির মধ্যে আটটি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে ছিল। পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জার্নালে লিখেছেন ৮৪৫টি নিবন্ধ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, শিক্ষক ১৮০৫ জন। তার মানে প্রতিজন শিক্ষকের পাঁচ বছরের উৎপাদনী হার ০.৪৬৮টি লেখা। ঘুরিয়ে বললে, প্রতি ১১ জন শিক্ষক এক বছরে একটা প্রবন্ধ লিখেছেন। ৪৬.৮ শতাংশ নিবন্ধের সঙ্গে এক বা একাধিক আন্তর্জাতিক সহযোগী জড়িত ছিলেন। ২৬ শতাংশ নিবন্ধ স্ব-স্ব শ্রেণীতে শীর্ষ ২৫ শতাংশ জার্নালে প্রকাশিত হয়েছে। সাধারণ প্রভাব (এনআই) ০.৮, অর্থাৎ এ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কাজের প্রভাব বৈশ্বিক গড়ের চেয়ে ২০ শতাংশ নিচে। উৎকর্ষতার হার ৮.১, যার মানে ৮.১ শতাংশ নিবন্ধ সর্বাধিক উদ্ধৃত ১০ শতাংশ কাজের ভেতর জায়গা করে নিতে পেরেছে। নিচের ছক ১ ও ২-এ যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তানের স্কোর তুলে ধরা হলো। আর ছক ৩-এ ভারতের সবচেয়ে বিখ্যাত কতগুলো প্রতিষ্ঠানের পাশাপাশি কম উৎপাদনী কতগুলো প্রতিষ্ঠান তুলে ধরা হলো। ছক ১ ও ৩-এর তুলনার মাধ্যমে আমরা দেখব, বিদেশি সহযোগিতার ওপর বাংলাদেশ নির্ভরশীল। সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চের এই নির্ভরতা অত্যধিক, তবে একই সঙ্গে তা আবার ইতিবাচক মান, প্রভাব ও উৎকর্ষ লাভ করছে। অন্যদের প্রকাশনার জায়গায় বিদেশি সহযোগী আছেন কিন্তু জার্নালগুলোর প্রভাব বেশি নয়। ছক ২-এ দেখা যায় পাকিস্তানে গবেষণায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কলেজগুলোও ভূমিকা রাখছে। অথচ সমগোত্রীয় বাংলাদেশি প্রতিষ্ঠান যেমন আণবিক শক্তি কমিশন, বিসিএসআইআর, স্পারসো ও অন্যরা সেই একই ব্যাধিতে আক্রান্ত যা বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছে।ভারতের উদাহরণ থেকে তাদের উৎকর্ষসাধন প্রচেষ্টার যে ফল দেখা যায়, তা কেবল শিক্ষায়তনিক ও সরকারি গবেষণাগারেই নয়, অপেক্ষাকৃত ছোট কলেজের ক্ষেত্রেও। আসলে উন্নততর প্রতিষ্ঠান থেকে পাস করা ব্যক্তিরা ক্ষুদ্রতর, কম পরিচিত প্রতিষ্ঠানকেও প্রভাবিত করছে। বৃহত্তর প্রতিষ্ঠান থেকে কী ফল পাওয়া যাবে তা যেমন বিনিয়োগের বিষয়, তেমনি কোন মানের ব্যক্তিরা তাতে জ্ঞানের ইঞ্জিন চালানোর জন্য সম্পৃক্ত, সেটির ওপরও নির্ভরশীল। তাদের আন্তর্জাতিক সহযোগিতার পরিমাণ থেকে বোঝা যায়, তারা ক্রমাগত বিশ্বমানের দিকে ধাবমান এবং বিদেশি সহযোগিতার ওপর আর নির্ভরশীল নয়।ইউএস নিউজ-এর বিশ্বসেরা ৪০০ বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের তালিকায় স্থান পেয়েছে এশিয়ার ৬৬টি বিশ্ববিদ্যালয়। তাতে ভারত ও তাইওয়ানের আছে ছয়টি করে, জাপানের আছে ১২টি, দক্ষিণ কোরিয়ার নয়টি, চীনের আটটি, হংকংয়ের পাঁচটি, ইসরায়েল ও মালয়েশিয়ার চারটি করে, সৌদি আরবের তিনটি আর ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের দুটি করে। দুর্মুখেরা বলতে পারেন, বাংলাদেশের পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব। আমি মানতে নারাজ। বিগত প্রায় ১৪ বছর আমি বাংলাদেশের জ্ঞানসৃষ্টি খাতে সম্ভাবনাময়তার সাক্ষী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কম্পিউটিং ও তথ্যপ্রযুক্তিতে এই সম্ভাবনা এবং এর চালিকাশক্তি বাংলাদেশের ভেতরকার মেধা, যারা পাশাপাশি পাচ্ছে বিদেশের সহকর্মীদের সহায়তা। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিসিআইটি) এখন বাংলাদেশে অনুষ্ঠিত বৃহত্তম বৈজ্ঞানিক সম্মেলনে পরিণত হয়েছে। এতে প্রতিবছর ৪০০টি নিবন্ধ জমা পড়ে এবং গৃহীত হওয়ার হার ৩৫ শতাংশ ছুঁই-ছুঁই, যা উন্নত মানের নির্দেশক। এখানের প্রতিটি নিবন্ধ বৃহত্তম গবেষণা তথ্যভান্ডার আইইইই এক্সপ্লোর কর্তৃক তালিকাভুক্ত হয়। ২০০৮ সাল থেকে গৃহীত পাণ্ডুলিপির ত্রিশের অধিককে বাছাই করা হয় আরও বিস্তৃততর করে আরও কয়েক দফা পর্যালোচনা শেষে আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশের জন্য। আইসিসিআইটিকে আমি গেমচেঞ্জার বলছি এ কারণে যে এতে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত। দ্বিতীয়ত, কেবল একটা সম্মেলন করার মধ্যেই আইসিসিআইটি সীমাবদ্ধ নয়, এটা বিশ্বব্যাপী তালিকাভুক্ত হয় এবং উন্নততর কাজগুলোকে জার্নাল নিবন্ধে রূপায়িত করে। এটা কতটা তাৎপর্যপূর্ণ? এটা ধরে রাখা গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশের জন্য আরও ১৫০টি উদ্ধৃতিযোগ্য কাজ যুক্ত হবে, যা হবে মোটামুটিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটের উল্লিখিত অবদানের ২০ শতাংশ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে আমার একটা সরল স্বপ্ন আছে। ২০২১ সাল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় তার শততম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আগেই কয়েকটি অব্যবস্থা থেকে মুক্ত হবে: (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩-এর কবল থেকে; (খ) জাতীয় রাজনীতির খামখেয়ালের প্রকোপ থেকে; (গ) অভ্যন্তরীণ বিভিন্ন জার্নালের লজ্জাজনক অবস্থা থেকে; এবং (ঘ) নিয়োগ, পদোন্নতি ও পদধারণ করাকে পাণ্ডিত্যমূলক গবেষণা ও শিক্ষাদানের পরিমাপযোগ্য রেকর্ডের ভিত্তিতে না হয়ে অন্য উপায় অবলম্বন থেকে। এই চাওয়া কি খুব বেশি? মোহাম্মদ আতাউল করিম: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভাইস প্রেসিডেন্ট। ছক ১, এসআইআর ২০১১, বাংলাদেশর্যাংক প্রতিষ্ঠান আউটপুট আইসি কিউপি এনআই ইআর২২২১ ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৪৫ ৪৬.৮ ২৬ ০.৮ ৮.১ ২২৮৪ বুয়েট ৮১০ ৩৯.০ ২৩ ০.৮ ৩.৩ ২৫১২ সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ ৭০৬ ৮৩.১ ৭৯.৩ ১.৬ ২৩.৮ ২৬৬২ রাজশাহী বিশ্ববিদ্যালয় ৬০৩ ৪৩.৮ ২১.৭ ০.৪ ২.৩ ছক ২, এসআইআর ২০১১, পাকিস্তানর্যাংক প্রতিষ্ঠান আউটপুট আইসি কিউপি এনআই ইআর১১৭৫ কায়েদ-ই-আযম বিশ্ববিদ্যালয় ২১২০ ৪০.২ ৩১.৪ ১.১ ০.৯ ১২৬৩ আগা খান বিশ্ববিদ্যালয় ১৯১৮ ২৫.২ ৩৫.৩ ০.৯ ৮.২ ১৪০৫ ইউনিভার্সিটি অব করাচি ১৬৩৮ ২৮.৫ ১৬.৪ ০.৫ ৪.২ ১৭৫৪ ইউনিভার্সিটি অব এগ্রিকালচার, ফয়সালাবাদ ১১৯৭ ২৩.৭ ১৯.২ ০.৯ ৮.৮ ১৮৩৫ পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন ১১১৭ ২১.৭ ৪১.৪ ১.১ ৭.৯ ১৯৭৬ ইউনিভার্সিটি অব পাঞ্জাব ১০১১ ২১.৭ ২২.৫ ০.৭ ৫.৮ ২১১২ ন্যাশনাল ইউনিভার্সিটি অব এসঅ্যান্ডটি ৯২১ ৩৫.৪ ১২.৯ ০.৯ ২.০ ২১২৯ কমসেটস ইনস্টিটিউট অব আইটি ৯১১ ৪৫.৭ ৩৩.৩ ১.৩ ৬.৬ ২৭৩৯ লাহোর গভর্নমেন্ট কলেজ ৫৮৬ ৩২.৯ ২০.৮ ০.৮ ৫.১ ২৭৪৫ পাকিস্তান কাউন্সিল অব এসঅ্যান্ডআইআর ৫৮৫ ১৬.১ ১৪.৪ ০.৫ ৪.১ ২৮৮০ ইউনিভার্সিটি অব পেশোয়ার ৪৯৫ ২৯.৭ ২৯.৭ ০.৬ ৪.০ ২৯৭৭ বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয় ৪০১ ২৯.৪ ২১.৫ ০.৮ ৮.৭ ৩০০৬ ইউনিভার্সিটি অব সারগোদা ৩৫৪ ২৭.৭ ২৭.৭ ০.৮ ২.৫ ছক ৩, এসআইআর ২০১১, ভারতর্যাংক প্রতিষ্ঠান আউটপুট আইসি কিউপি এনআই ইআর৭৩ কাউন্সিল অব সায়েন্টিফিফ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ২০,৮৪১ ১৫.২ ৫২.৯ ০.৯ ১৫.৫ ৩৬৪ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ৮,০৪২ ২৪.৪ ৫৬.৪ ১.১ ১১.৯ ৪৭৩ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, খরগপুর ৬,২১৩ ১৭.৬ ৪৮.০ ১.১ ৯.৪ ৫৩৯ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি ৫,৫৮৩ ২১.৫ ৪২.৩ ১.১ ৮.৬ ৫৬৯ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ৫,২৮৪ ১২.৬ ৩৮.৮ ০.৭ ৮.৪ ৫৭৬ ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ ৫,২৫৮ ১০.১ ২৪.২ ০.৪ ৪.৬ ৬০৮ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদ্রাজ ৪,৯৯০ ১৯.৮ ৪৭.২ ১.০ ৭.৪ ৬৫১ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মুম্বাই ৪,৫৯৪ ২৭.০ ৪৬.৫ ১.১ ৯.২ ৬৬৪ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, কানপুর ৪,৪৬৭ ২৬.৩ ৪৯.৬ ১.১ ১১.২ ৬৭৮ ইউনিভার্সিটি অব দিল্লি ৪,৩৪৪ ২৩.৬ ৪১.২ ০.৮ ১১.০ ৭৬৬ বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয় ৩,৮১২ ১৬.৮ ৩৯.৩ ০.৮ ৮.৭ … … … … … … … … … … … … … … ২৯৫৮ ভেরিয়েবল অ্যানার্জি সাইক্লোট্রন সেন্টার ৪২২ ৪১.৭ ৪১.৫ ১.১ ১৩.০ ২৯৬১ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৪২০ ৭.৪ ৩৩.৩ ০.৬ ৬.০ ২৯৭৩ কুভেম্পু বিশ্ববিদ্যালয় ৪০৬ ৭.৯ ১৭.৭ ০.৬ ৪.৭ ৩০০৯ গান্ধীগ্রাম রুরাল ইনস্টিটিউট ৩৫০ ৪.৯ ৩৪.৯ ১.১ ১০.৬ ৩০১০ জয়পি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি ৩৪৫ ৫.৮ ২৪.১ ০.৭ ২.০