ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ও ঘ ইউনিটে ভর্তি কার্যক্রমে বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ও ঘ ইউনিটে ভর্তি কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এস এম মেসবাহ উদ্দিন। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করায় খ ইউনিটের মৌখিক পরীক্ষা এবং ৩ ডিসেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হতে বাধা নেই। এ দুই ইউনিটের ফল প্রকাশেও বাধা নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্ত আরোপসংক্রান্ত সিদ্ধান্ত স্থগিতে হাইকোর্টের আদেশ ১০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে বিষয়টি ১০ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ দুই ইউনিটে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের শর্ত আরোপসংক্রান্ত সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছিলেন। এই আদেশে স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করে।