ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রায় অর্ধশত আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।আজ সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের সময় বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রায় অর্ধশত আহত হন। আহত সুলতান সালাউদ্দিনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য ব্যক্তিদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনের নেতৃত্বাধীন গ্রুপের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে চলে গেছেন। সংঘর্ষের পর ক্যাম্পাসের কর্তৃত্ব ছিল আহসানউদ্দিন খান শিপনের নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপের হাতে। তারা কাল ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছে।এ ব্যাপারে আহসানউদ্দিন খান প্রথম আলোকে বলেন, অছাত্র ও জঙ্গিবাদের মদদ দাতাদের নিয়ে গঠিত এই কমিটিকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অছাত্র ও সন্ত্রাসীদের কিছুতেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।উল্লেখ্য, ১ জানুয়ারি সুলতান সালাউদ্দিনকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি গ্রুপ অছাত্র, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের সেই কমিটিতে স্থান দেওয়া হয়েছে দাবি করে তা প্রত্যাখ্যান করে।