ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭ কর্মীকে বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাগিবতণ্ডার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডাকসু ভবনের পাশে রিয়াদ নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেন শ্যামলসহ কয়েকজন। রিয়াদকে চাপাতি দিয়ে আঘাতও করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ রিয়াদের বন্ধুরা রাত ১১টার দিকে শহীদ মিনারের কাছে কাজী মোতাহার হোসেন ভবনের সামনে শ্যামলকে ছুরিকাঘাত করেন।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয়, জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী জয় ও শরীফ, বঙ্গবন্ধু হলের কর্মী মেহেদী, মহসিন হলের কর্মী হান্নান, কবি জসীমউদ্দীন হলের কর্মী ফকরুল ইসলাম ওরফে সৈকত ও তাজ।ছাত্রলীগের নেতারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ছাত্রলীগের কোনো কর্মসূচিতে তাঁরা অংশ নিতে পারবেন না।