ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ ছাত্র বহিষ্কার
ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে আজ সোমবার তিনজন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত তিনজনই ছাত্রলীগের কর্মী। একই ঘটনায় ছাত্রলীগ তাদের চারজন সদস্যকে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মহিদুল ইসলাম মাহি, শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের সোহেল এবং অর্থনীতি বিভাগের আতিকুর রহমান রনিকে বহিষ্কার করেছে। আর ছাত্রলীগ জসীমউদ্দীন হল শাখা মাহি, রনি, রোবায়েত শাহনেওয়াজ ও রিয়াদ মাহমুদকে বহিষ্কার করেছে। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল ছাত্রদলের কর্মী। তাই তাঁর বিরুদ্ধে ছাত্রলীগ কোনো ব্যবস্থা নেয়নি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানিয়েছেন, তিন ছাত্রকে এক বছরের জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশও দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘আমরা সাধারণত আমাদের ছাত্রদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে চাই না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বখাটেদের মতো কোনো মেয়েকে উত্ত্যক্ত করবে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর থাকবে’। প্রসঙ্গত, গতকাল রোববার রাত নয়টার দিকে ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে একজন ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ জানাতে গিয়ে তিনজন সাংবাদিক হামলার শিকার হন।