ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে গত সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আবু বকর সিদ্দিকের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কলাভবন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। আজ বুধবার সকালে আবু বকর মারা যান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষাভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্ররা পুলিশকে লক্ষ্য ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আরেক দল ছাত্র রোকেয়া হলের সামনে তিনটি গাড়ি ভাঙচুর করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ছাত্ররা প্রক্টর কার্যালয়ও তছনছ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ উপাচার্য ভবনের সামনে এবং শিক্ষার্থীরা মল চত্বরে অবস্থান নিয়েছে। তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। কলাভবনকে ঘিরে ছাত্ররা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে।আহত আবু বকরের মৃত্যুঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আবু বকর সিদ্দিক আজ সকাল নয়টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আবু বকরকে দেখতে হাসপাতালে যান।গত সোমবার মধ্য রাতের ওই সংঘর্ষে টিয়ার শেলের আঘাতে আবু বকরের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ ঘণ্টা পর গতকাল বিকেলে তাঁর জ্ঞান ফেরে। অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। হলের শিক্ষার্থীরা জানান, আবু বকর কোনো দলের কর্মী নন। তিনি ইসলামের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।হলের একটি কক্ষে নতুন ছাত্রের থাকার ব্যবস্থা করাকে কেন্দ্র করে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঘটা ওই সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত একটানা ওই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষই রামদা, চাপাতি, পাইপ, লাঠি, হকিস্টিক নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় সাধারণ ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এলোপাতাড়ি পেটানো হয় অনেক সাধারণ ছাত্রকেও। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ নয়জনকে আটক এবং ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে।নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতা বলেন, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে কেন্দ্রীয় নেতাদের পছন্দের বাইরে অনেককে পদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের ওপর ক্ষুব্ধ ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান। ফলে তিনি তাঁর সমর্থক বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নেতা-কর্মীদের নিয়ে নিজের মতো করে সংগঠন গোছানোর চেষ্টা করছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সোমবার রাতে এ এফ রহমান হলের সভাপতিকে বিভিন্ন কক্ষে তাঁর সমর্থক ছাত্রদের থাকার ব্যবস্থা করতে বলেন। এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত।এ বিষয়ে জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, এফ রহমান হলে সংঘর্ষের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই হলের ছাত্রলীগ সভাপতি তাঁর সমর্থক কি না তা জানতে চাইলে মাহমুদ হাসান বলেন, ‘আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বিশেষ কারও সঙ্গে আমার আলাদা সম্পর্ক নেই।’