ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে প্রতিদিন ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও কলা ভবনের পশ্চিম ফটকে, যেখানে ১৯৭১ সালে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, সেখানে এখন থেকে প্রতিদিন পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল শনিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পতাকা উত্তোলনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পতাকাস্ট্যান্ড বানানোসহ প্রাথমিক কিছু কাজ শেষ করে শিগগিরই এ পতাকা উত্তোলন শুরু করা হবে। ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম ফটকে উত্তোলন করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পতাকা উত্তোলনের ব্যাপারে সরকারের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও বিশেষ বিশেষ দিন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হচ্ছিল না। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। ২১ জুলাই প্রথম আলোয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ে না জাতীয় পতাকা’ শীর্ষক সংবাদ পরিবেশিত হলে বিষয়টি সবার নজরে আসে।