ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ওড়ানোর সিদ্ধান্ত
এখন থেকে প্রতিদিন ক্যাম্পাসে জাতীয় পতাকা ওড়ানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আজ শনিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার সিন্ডিকেট বৈঠক ছিল। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা ওড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। পাতাকার স্ট্যান্ড বানানোসহ প্রাথমিক কিছু কাজ শেষ করে শিগগিরই নিয়মিতভাবে পতাকা ওড়ানো হবে। ক্যাম্পাসের উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও কলা ভবনের পশ্চিম ফটকে প্রথম যেখানে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল, সেখানেই এখন থেকে প্রতিদিন পতাকা ওড়ানো হবে।১৯৭১ সালের ২ মার্চ কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম ফটকে উত্তোলন করেছিল বাংলাদেশের প্রথম পতাকা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পতাকা উত্তোলনের ব্যাপারে সরকারের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও বিশেষ দিন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা ওড়েনি। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। ২১ জুলাই প্রথম আলোয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ে না জাতীয় পতাকা’ শীর্ষক সংবাদ পরিবেশিত হলে বিষয়টি সবার নজরে আসে।