ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকদের সমর্থিত নীল দল। ছয়টি অনুষদে নীল দলের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি চারটি অনুষদে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমর্থিত সাদা দলের প্রার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ হয়।সাদা দল সব কটি অনুষদের নির্বাচনে অংশ নিলেও নীল দল আইন অনুষদের ডিন পদে প্রার্থী দেয়নি।বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এক হাজার ১৩৫ জন ভোটারের মধ্যে ভোট দেন এক হাজার ৯০ জন। ২১টি ভোট বাতিল বলে গণ্য হয়। ভোট গণনা শেষে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান ফলাফল ঘোষণা করেন।নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন বিজ্ঞান অনুষদে মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা (৭৬ ভোট), সামাজিক বিজ্ঞান অনুষদে ফরিদউদ্দিন আহমেদ (১১২ ভোট), জীববিজ্ঞান অনুষদে সহিদ আকতার হুসেন (৮৪ ভোট), চারুকলা অনুষদে এমদাদুল হক মো. মতলুব আলী (৩৬ ভোট), ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে এ আই মোস্তফা (৪৫ ভোট), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে নাসরীন আহমেদ (২৪ ভোট)।সাদা দলের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন কলা অনুষদে সদরুল আমিন (১২৩ ভোট), আইন অনুষদে তাসলিমা মনসুর (১৪ ভোট), ব্যবসায়ে শিক্ষা অনুষদে জামাল উদ্দিন আহমেদ (৮২ ভোট), ফার্মেসি অনুষদে হাবিবুর রহমান (২১ ভোট)। আইন অনুষদে সাদা দলের বোরহানউদ্দীন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ ভোট পেয়েছেন।অধ্যাপক মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। কোনো ধরনের কারচুপির অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের নবনির্বাচিত ডিন সদরুল আমিন বলেন, ‘প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা ভালো করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানাই।’নীল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘একটি অনুষদে প্রার্থী না থাকা সত্ত্বেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয় যে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, এ ফলাফল তারই প্রমাণ।’সর্বশেষ ২০০৮ সালের ডিন নির্বাচনে নীল দল কেবল চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে জয়ী হয়েছিল।