ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ম না-মানাটাই নিয়ম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেকোনো ধরনের সভা-সমাবেশ করা, বাদ্যযন্ত্র বাজানো বা লাউড স্পিকার ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আইন অনুযায়ী নিষিদ্ধ। কোনো কারণে সভা-সমাবেশ অথবা অনুষ্ঠান করতে হলে আগেই প্রক্টরের অনুমতি নিতে হবে। হলগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে বাস্তব অবস্থা ঠিক উল্টো। প্রতিদিন ক্লাস চলাকালে ক্যাম্পাসে কোনো রকম অনুমতি ছাড়াই চলছে মিছিল-সমাবেশ। কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় এ অনিয়মই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিদিন ছাত্রসংগঠনগুলো ক্লাস চলাকালে মিছিল-সমাবেশের আয়োজন করে। কখনো কখনো উচ্চশব্দে মাইকও বাজানো হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না।শিক্ষার্থীদের শৃঙ্খলাসংশ্লিষ্ট এ ধরনের আরও বেশকিছু নিয়ম আছে, যেগুলো একেবারেই মানা হয় না। কর্তৃপক্ষও এসব বিষয়ে উদাসীন। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থী এবং কর্তৃপক্ষ, কেউই নিয়ম অনুসরণ করে না। এসব নিয়মের কার্যকারিতা না থাকায় হলগুলোতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিছিল-সমাবেশের জন্য কখনো কোনো ছাত্রসংগঠন প্রক্টর কার্যালয়ের অনুমতি নেয় না। বড় কোনো অনুষ্ঠান হলে কখনো কখনো তারা অনুমতি নিয়ে থাকে।তাহলে ব্যবস্থা কেন নেওয়া হয় না জানতে চাইলে প্রক্টর বলেন, আইনের প্রয়োগ না হতে হতে এমন অবস্থায় চলে এসেছে যে এখন আইনের প্রয়োগ কঠিন হয়ে পড়েছে। ব্যবস্থা নিতে গেলে দেখা যাবে আন্দোলন শুরু হয়ে গেছে। অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।তবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইন কার্যকর করা উচিত বলে প্রক্টর মনে করেন। তিনি মনে করেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হলে এবং আবাসিক শিক্ষকেরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে হলগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে, সংঘর্ষ কমবে।বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাত নয়টা এবং বছরের বাকি সময় রাত সাড়ে নয়টার মধ্যে হলে ফিরতে হবে। হলে ফেরার পর আবাসিক শিক্ষক হাজিরা নেবেন।জানা যায়, সব হলে ছাত্রদের শৃঙ্খলাবিধান ও দেখভাল করার জন্য অন্তত ১০ জন করে আবাসিক শিক্ষক আছেন। এ কাজের জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের সুবিধা যেমন—সম্মানী, আবাসন, একটি গবেষণার সমান তিন পয়েন্ট, আলাদা বিদ্যুৎ বিল পেয়ে থাকেন।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব সুযোগসুবিধা ভোগ করলেও ছাত্র হলের শিক্ষকেরা তাঁদের দায়িত্ব পুরোপুরি পালন করেন না। হলে সংঘর্ষ বা বিশেষ ঘটনা ছাড়া রাতে আবাসিক শিক্ষকদের খুব একটা দেখাও যায় না।শিক্ষার্থীরা যেমন নির্দিষ্ট সময়ে হলে আসেন না, তেমনি আবাসিক শিক্ষকদেরও কখনো হাজিরা ডাকতে দেখা যায় না। তাঁরা নিয়মিত ফ্লোর ভিজিটেও যান না। কক্ষ বরাদ্দ দেওয়া তাঁদের দায়িত্ব। বেশির ভাগ ক্ষেত্রে সেটি করা হয় কাগজে-কলমে। মূলত কোন কক্ষে কে থাকবে, তা নির্ধারণ করে দেন ক্ষমতাসীন দলের অনুসারী ছাত্রসংগঠনের নেতারা।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, হলগেটে একটি নিবন্ধন খাতা থাকবে। কোনো ছাত্র নির্দিষ্ট সময়ের পর হলে এলে তাঁকে সেখানে হলে ফেরার সময় কী কারণে দেরি হয়েছে, এসব লিখে স্বাক্ষর করে ঢুকতে হবে। কোনো ছাত্র কক্ষ পরিবর্তন করতে চাইলে তাঁকে অবশ্যই আবাসিক শিক্ষকের অনুমতি নিতে হবে। ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী ঢাকার বাইরে যেতে পারবেন না। যেতে হলে তাঁকে সংশ্লিষ্ট প্রাধ্যক্ষের অনুমতি নিতে হবে।কিন্তু বাস্তবে এসব নিয়মের কোনো বাস্তবায়ন নেই। দীর্ঘদিন থেকে এসব নিয়মের কার্যকারিতা না থাকায় হলগুলোতে অলিখিত নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন।গত বছর এফ রহমান হলে আবু বকর হত্যা এবং জগন্নাথ হলে এক বহিরাগতের আত্মহত্যার পর দুটি তদন্ত কমিটি ওই দুটি মৃত্যুর জন্য অনেকাংশে হলের এসব নিয়ম অনুসরণ না করাকে দায়ী করে। দুটি প্রতিবেদনেই হল প্রশাসনকে আরও কার্যকর হওয়ার সুপারিশ করা হয়। এর পর থেকে এফ রহমান হলে প্রশাসন অনেকটা কার্যকর ভূমিকা রাখছে বলে ছাত্ররা জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, কোনো শিক্ষার্থী একা বা সঙ্ঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকতে পারবেন না। যদি কেউ ধর্মঘট ডাকেন, তাহলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।তবে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো এ আইনের থোড়াই কেয়ার করে। ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা তো বটেই, অনেক সময় অছাত্ররাও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকে বসেন।প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, এ ধরনের অপরাধের কারণে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন নজির স্বাধীন বাংলাদেশে পাওয়া যায় না। এ ধরনের অপরাধের কারণে ১৯৪৯ সালে তৎকালীন আইনের ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বশেষ বহিষ্কার করা হয়েছিল।জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কিছু দাবিতে ১৯৪৯-এর ৩ মার্চ থেকে ধর্মঘটের ডাক দেন। তাঁদের সমর্থনে ছাত্ররাও ৩ মার্চ ক্লাস বর্জন করেন। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের আহ্বানে ৫ মার্চ পূর্ণ ছাত্র ধর্মঘট পালিত হয়। ওই দিন ছাত্ররা স্থির করেন, কর্মচারীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সহানুভূতিসূচক ধর্মঘট অব্যাহত রাখবেন।এ ধর্মঘট ডাকার অপরাধে কর্তৃপক্ষ বঙ্গবন্ধুসহ পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে। পরে বঙ্গবন্ধু ছাড়া বাকি চারজন মুচলেকা ও জরিমানা দিয়ে বহিষ্কারাদেশ থেকে মুক্তি পান। দীর্ঘ ৬১ বছর পর গত বছরের আগস্ট মাসে বঙ্গবন্ধুর ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কর্তৃপক্ষ।এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন থেকে এ নিয়মগুলো অনুসরণ করা হয় না। এর ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিয়ম না-মানাটাই যেন নিয়ম। দীর্ঘদিন থেকে এ চর্চার ফলে এখন হঠাৎ করে ছাত্রসংগঠনগুলোর ওপর খুব বেশি চাপও দেওয়া যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ আস্তে আস্তে নিয়মগুলোর প্রচলন শুরু করছে। কয়েকটি হলে কর্তৃপক্ষ নিয়মানুযায়ী সবকিছু করছে। সব হলেই এটি করা হবে। ক্লাস চলাকালে যাতে সংগঠনগুলো অন্তত মাইক না বাজায়, সেটি নিশ্চিত করা হচ্ছে।