ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় বঙ্গবন্ধু বৃত্তি চালু করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর ডিগ্রি ও গবেষণার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া বঙ্গবন্ধু বৃত্তি পুনরায় চালু করা হবে।আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সহিদ আকতার হোসাইনের নেতৃত্বে নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির বয়সসীমা দুই বছর বৃদ্ধির বিষয়টি সক্রিয় বিবেচনা এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাত্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষার উন্নয়ন, জাতীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।প্রধানমন্ত্রী বলেন, ভাষা-আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং পরে সব গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এ জন্য স্বাধীনতা পুরস্কার অনেক আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়া উচিত ছিল। এ ছাড়া এক/এগারোর পর নির্বাচন অনুষ্ঠিত না করার যে ষড়যন্ত্র হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারও প্রথম প্রতিবাদ করা হয়। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কখনোই একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। যেসব দেশে উন্নয়ন হয়েছে, সেসব দেশে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান রয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে দীর্ঘদিন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না বলেই কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।’ তিনি দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান।নতুন শিক্ষানীতি বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে আলোচনা করে সবার কাছে গ্রহণযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এবারই প্রথম শিক্ষাবর্ষ শুরুর আগেই মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। সরকার ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়ে সবার অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করার জন্য একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া গরিব ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য তহবিল গঠন করে তাদের সাহায্য করারও পরিকল্পনা সরকারের রয়েছে।শিক্ষক নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিক্ষকদের আবাসনসহ বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।