ঢাকা বিশ্ববিদ্যালয়ে ময়লা-আবর্জনার দৌরাত্ম্য
১০-১২ গজ জায়গাজুড়ে বড় বড় কয়েকটি আবর্জনার স্তূপ। সেগুলো ঘেঁটে বেচার মতো জিনিস খুঁজছিল কয়েকজন টোকাই। একটু দূরে একটি গোয়ালঘর। জায়গাটি কয়েকটি গরুর কঠিন-তরল বর্জ্যে স্যাঁতসেঁতে।বৃষ্টি অবস্থা আরও বেগতিক করেছে। ময়লা পানি ও আবর্জনা পৌঁছে গেছে পাশের সড়ক পর্যন্ত। নোংরা ও দুর্গন্ধে পাশে দাঁড়ানো দায়।দৃশ্যটি কোনো বস্তি কিংবা শরণার্থী শিবির এলাকার নয়। এটি এক সময় ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ও জিয়া হলসংলগ্ন এলাকার ছবি। এ দুটি হল ছাড়াও বঙ্গবন্ধু হলের ছাত্রদের প্রতিদিন এই আবর্জনা মাড়িয়ে চলাফেরা করতে হয়।খেয়াল করে দেখলে বোঝা যাবে, আবর্জনার উৎসটি আসলে একটি ডাস্টবিন। কিন্তু সেখানে নির্ধারিত বড় টিনের পাত্রে ময়লা ফেলছেন না কেউ। অনেকেই ডাস্টবিনের বাইরে এমনকি সড়কঘেঁষে আবর্জনা ফেলেন।শুধু ওপরের হলগুলোর আশপাশ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, রেজিস্ট্রার বিল্ডিং, সূর্যসেন হল, জগন্নাথ হল, কেন্দ্রীয় লাইব্রেরি, মিলন চত্বরসহ বেশ কয়েকটি জায়গা ঘুরে ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশের কমবেশি প্রমাণ পাওয়া গেছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি তা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে সংশ্লিষ্ট সবার জন্য। এ ছাড়া দেশি-বিদেশি অভ্যাগত ব্যক্তিদের কাছে ভাবমূর্তির বিষয়টি তো আছেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭০ থেকে ৭২ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। অভিযোগ রয়েছে, তাঁরা নিয়মিত বর্জ্য অপসারণ ও প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন না।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বর্জ্য অপসারণে ব্যবহূত যানের অভাবের কথা বললেন। তিনি বলেন, জাপান সরকার সম্প্রতি বাংলাদেশকে আবর্জনা অপসারণের ১০০টি কমপ্যাক্ট ট্রাক দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে একটি। অথচ এখানে কমপক্ষে দুটি ট্রাক প্রয়োজন। আরেকটি পাওয়ার পর সমস্যা অনেকাংশে কমে যাবে। পরিচ্ছন্নতা কর্মীদের কাজে অবহেলার অভিযোগ স্বীকার করে প্রক্টর বলেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।হলের পাশের ময়লার কথা উল্লেখ করে জিয়াউর রহমান হলের শিক্ষার্থী শহীদুল ইসলাম বলেন, ‘জায়গাটিকে ছোটখাটো বস্তি বলা যায়। খাওয়াদাওয়া করে ওই দিকে গেলেই দুর্গন্ধে পেট থেকে খাবার বের হয়ে আসার উপক্রম হয়।’ডাস (টিএসসির কাছের স্ন্যাকবার) ও ফুলার রোডের ডাস্টবিনগুলোরও বেহাল অবস্থা। ময়লা-আবর্জনা সড়ক পর্যন্ত গড়িয়েছে। পাবলিক টয়লেটের অভাবে লোকজনকে প্রকাশ্য দিবালোকে ডাস্টবিন ঘেঁষে প্রস্রাব করতে দেখা যায়। অথচ ফুলার রোডে রয়েছে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠান ও শিক্ষকদের আবাসিক এলাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী শবনম জান্নাত বলেন, কলাভবনে ক্লাসে যাওয়ার সময় দম আটকে আসে। দুর্গন্ধের মধ্যে অনেককে বাসের জন্য ওই জায়গায় অপেক্ষা করতে হয়।ডাস্টবিন না হয়েও যেন ভাগাড়ে পরিণত হয়েছে সূর্যসেন হলসংলগ্ন সড়কের একটি স্থান। সূর্যসেন হলের পাশের জায়গাটিতে ভাঙা কমোড, ছেঁড়া স্যান্ডেল, পলিথিন থেকে শুরু করে বিভিন্ন বর্জ্যের স্তূপ জমে উঠেছে। এখানকার নর্দমাগুলোরও বেহাল অবস্থা। ময়লা-আবর্জনা পড়ে তা বন্ধ হয়ে গেছে। পুরো জায়গাটি হয়ে উঠেছে দুর্গন্ধময়। রোকেয়া হলের সামনের সড়কেও রয়েছে আবর্জনার স্তূপ।সূর্যসেন হলের শিক্ষার্থী মনিরুজ্জামান জানান, আগে হলের দোকানদারেরা সেখানে ময়লা ফেলতেন। নিষেধ করার পর কিছুটা কমেছে। এখানে দুর্গন্ধে টেকা দায়।বিভিন্ন মাত্রার অপরিচ্ছন্নতা আর আবর্জনার আগ্রাসন দেখা গেছে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনের অংশ, ডা. মিলন স্মৃতিফলক, কলাভবনের আশপাশ, ডাকসু, মুহসীন হলের মাঠের পূর্ব ও এফ রহমান হলসংলগ্ন পশ্চিমাংশ, জগন্নাথ হলের উত্তরবাড়ির পেছনের জায়গা, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, লেকচার থিয়েটারের পেছনের অংশসহ অনেক জায়গায়। ডাকসু ভবনের পাশের ম্যানহোলগুলোর প্রায় কোনোটিতেই ঢাকনা নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খারাপের আরেকটি কারণ যাত্রীছাউনি। সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশন ছাড়াও পণ্যের বিজ্ঞাপন দিতে বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্যাম্পাসে যাত্রীছাউনি নির্মাণ করে দিয়েছে। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নির্মিত স্টেইনলেস স্টিলের ছাউনিগুলো দৃষ্টিনন্দন ও আধুনিক। সব মিলিয়ে ১০-১২টি যাত্রীছাউনি আছে। কিন্তু অনেক সময় ছিন্নমূল ও ভবঘুরে লোকজন বা মাদকসেবীরা এগুলো রাতের আশ্রয় হিসেবে ব্যবহার করে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাউনিতে তারা প্রাকৃতিক কাজও সেরে থাকে। ফলে দুর্গন্ধে এগুলোর পাশ দিয়ে যাওয়াও কষ্টকর হয়ে যায়। তা ছাড়া অধিকাংশ যাত্রীছাউনিগুলোয় বসার স্থানটি ভেঙে গেছে।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক জানান, বর্জ্যের মধ্যে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এর দুর্গন্ধও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহে বা ১৫ দিনে একবার পরিচ্ছন্নতা অভিযান চালানো আবশ্যক বলে মনে করেন তিনি।প্রায় একই অভিমত ব্যক্ত করলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এএইচ এম জুলফিকার আলী। তিনিও মনে করেন, মাসে একবার হলেও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে পরিচ্ছন্নতা দিন (ক্লিনিং ডে) চালানো উচিত। জুলফিকার আলী স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনস্বাস্থ্য ছাড়াও প্লাস্টিক ও পলিথিনের মতো বর্জ্য মাটিসহ পরিবেশের জন্য খুব ক্ষতিকর।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের পরিচ্ছন্নতার ব্যাপারে প্রশাসন সচেতন। এ ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ছাত্রী হলে যান্ত্রিক উপায়ে আবর্জনা ফেলার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গেলে কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা অভিযান চালুর উদ্যোগ নেবে।