ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-চেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে রবীন্দ্র-চেয়ার। আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সঙ্গে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে চেয়ারের কার্যক্রম শুরু হবে।উপাচার্যের কার্যালয়ে আইসিসিআর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে যথাক্রমে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্বাক্ষর করেন।উপাচার্য জানান, সমঝোতা স্মারকের অধীনে আইসিসিআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনাক্রমে রবীন্দ্রনাথের ওপর বিশেষজ্ঞ একজন শিক্ষাবিদকে রবীন্দ্র-চেয়ার নিযুক্ত করবে। তাঁর বেতন-ভাতাদি ও অন্যান্য খরচ আইসিসিআর বহন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্থানীয় সুবিধাদি প্রদান করবে। এই স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।স্মারক স্বাক্ষরের সময় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ফার্স্ট সেক্রেটারি মনোজ কুমার মহাপাত্র ও ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অঙ্কন ব্যানার্জি উপস্থিত ছিলেন।