ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুলভে রোগ নির্ণয়ের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদরোগ বা ক্যানসারের মতো রোগ নির্ণয় সাধারণত জটিল ও ব্যয়বহুল। বিপুলসংখ্যক দরিদ্র মানুষের জন্য অনেক সময়ই এর ব্যয় বহন করা সম্ভব হয় না। এদের কথা মাথায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একদল গবেষক তৈরি করেছেন কম মূল্যে এসব রোগ নির্ণয়ের যন্ত্র। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সংশ্লিষ্ট বিভাগে এ যন্ত্রগুলোর এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটির শিরোনাম ছিল ‘দৃষ্টিপাত’।এ উদ্যোগের পেছনের মানুষটি হলেন বিভাগের চেয়ারম্যান খোন্দকার সিদ্দিক-ই রাব্বানী। প্রথম আলোকে তিনি বলেন, সাধারণ মানুষকে কম খরচে চিকিৎসাসেবা দেওয়ার চিন্তা থেকেই শুরু হয় এ গবেষণা। এরপর বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় তৈরি করা হয় একেকটি পদ্ধতি ও যন্ত্র। যন্ত্রগুলো পুরোপুরি দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি হলেও এদের স্থায়িত্ব বিদেশি যন্ত্রের চেয়ে কম নয়। তবে তিনি বলেন, এগুলো কোনো মৌলিক আবিষ্কার নয়। বিশেষ দিনের এই প্রদর্শনীটিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দর্শকদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সহ-উপাচার্য হারুন-অর-রশীদও। প্রদর্শিত যন্ত্রগুলোর মধ্যে ছিল পেডোগ্রাফ ও ইসিজি মেশিন। এ ছাড়া স্নায়ুর সমস্যা চিহ্নিত করতে ডিস্ট্রিবিউশন অব এফ ল্যাটেন্সি (ডিএফএল) পদ্ধতি ও কোষের পরিবর্তন ধরতে ফোকাস ইমপিডেন্স মেজারমেন্ট (এফআইএম) নামে দুটি বিকল্প পদ্ধতি তুলে ধরা হয়। দেশের একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান এসব যন্ত্র ব্যবহার করছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের শিক্ষক এ কে এম সালেক প্রথম আলোকে বলেন, স্নায়ু উদ্দীপনা ফিরিয়ে আনতে সিদ্দিক-ই রাব্বানীর একটি যন্ত্র তারা ব্যবহার করছেন। বেসরকারি ট্রমা সেন্টার কর্তৃপক্ষ জানায়, তাঁর তৈরি করা যন্ত্র দিয়ে কম মূল্যে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। ‘পেডোগ্রাফ’ ব্যবহার করে ডায়াবেটিস রোগীর পায়ের বিভিন্ন স্থানে ওজনের তারতম্য নির্ধারণ করা হয়। ডায়াবেটিস হলে অনেক রোগীর পায়ের স্নায়ু অনেক ক্ষেত্রে কাজ করে না এবং পায়ের পাতার নিচে চাপ বেশি হলেও রোগী টের পায় না। সেখানে তখন ঘায়ের সৃষ্টি হয়, যা ধীরে ধীরে গ্যাংগ্রিনে পরিণত হয়। এর ফলে একপর্যায়ে পা কেটে ফেলতে হয়।বাজারে প্রচলিত জার্মানির তৈরি পেডোগ্রাফ যন্ত্রের দাম প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত পেডোগ্রাফ তৈরিতে লেগেছে ছয় লাখ টাকা।রাব্বানী জানান, তাঁদের তৈরি এ যন্ত্রটি এখনো বাংলাদেশে ব্যবহূত হচ্ছে না। তবে পাকিস্তানের করাচির বাকাই মেডিকেল ইউনিভার্সিটির ডায়াবেটিক সেন্টারে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে।স্নায়বিক রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি: স্নায়ুরতন্তুর বিন্যাস থেকে ব্যথার সমস্যা নির্ণয় করা সম্ভব। বর্তমানে এ ধরনের রোগ নির্ণয়ের জন্য ব্যয়বহুল এমআরআই ও এক্স-রে পদ্ধতি ব্যবহার করা হয়। অধ্যাপক রাব্বানী বলেন, তাঁদের উদ্ভাবিত ডিএফএল পদ্ধতিতে স্নায়ুতন্তুর বিন্যাস বের করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান এ পদ্ধতির প্রতি আগ্রহ দেখিয়েছে। রাব্বানী বলেন, প্রাথমিকভাবে ২৩-২৪ বছর বয়সী কয়েকজন শিক্ষার্থীর ওপর পরীক্ষা করে এর সফলতা প্রমাণিত হয়েছে। জানামতে, তাঁদের কারোরই শরীরে কোথাও ব্যথা ছিল না। কিন্তু এ পদ্ধতির মাধ্যমে স্নায়ুর বিন্যাস থেকে দেখা যায়, তাঁরা এসব রোগে আক্রান্ত।ইসিজি যন্ত্র: বিভাগের এমফিল গবেষক রায়হান আবির তৈরি করেছেন ইসিজি যন্ত্র। বাজারে একটি ইসিজি যন্ত্রের দাম এক লাখ টাকা হলেও তাঁর এ যন্ত্রটি তৈরি করতে লেগেছে মাত্র ১০ হাজার টাকা। আবির প্রথম আলোকে বলেন, এ যন্ত্রটি বর্তমানে ব্যবহূত যেকোনো ইসিজি যন্ত্রের মতোই কাজ দেয়। দেশীয় উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এটি সস্তা বলে জানান এ নবীন গবেষক।ফোকাস ইমপিডেন্স মেজারমেন্ট (এফআইএম): দেহের কোষের আকার পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে। শিশুদের ফুসফুস আক্রান্ত হয়ে দেখা দেয় নিউমোনিয়ার মতো রোগ। কোষ পরিবর্তনের ফলে সৃষ্টি হয় সার্ভিক্যাল ক্যানসার, ওরাল ক্যানসার ইত্যাদি। এ ছাড়া পেটের মেদের পুরুত্বের সঙ্গে ডায়াবেটিস এবং হূদযন্ত্রসহ বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। বর্তমানে এমআরআই ও সিটিস্ক্যান পদ্ধতিতে এসব রোগ নির্ণয় করতে হয়, যাতে খরচ হয় ১০ থেকে ১২ হাজার টাকা। ফোকাস ইমপিডেন্স মেজারমেন্ট পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশের ‘রোধের’ (রেজিস্ট্যান্স) পরিবর্তন চিহ্নিত করা হয়। এসব পরিবর্তন থেকে নির্ণয় করা হয় রোগ। এভাবে রোগ নির্ণয় করতে খরচ পড়বে মাত্র দেড় থেকে ২০০ টাকা।খোন্দকার সিদ্দিক-ই রাব্বানী বলেন, এসব পদ্ধতি ও যন্ত্র ক্লিনিক্যালি ব্যবহার শুরু করলে দাম আরও কমে যাবে। দেশের বাইরে ব্যবহূত হচ্ছে কিন্তু দেশে প্রসারের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন না কেন—এ প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, বিভিন্ন সময় দেশে এসব যন্ত্র ব্যবহারের জন্য সরকারের সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তবুও বিভিন্ন বেসরকারি সংস্থা তৈরিকৃত কিছু যন্ত্র বিক্রি করছে বলে জানান তিনি।