২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনভিপ্রেত ঘটনার ব্যাপারে গতকাল বুধবার সংসদীয় উপকমিটিতে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন শিক্ষা উপদেষ্টাসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সাক্ষ্যে তাঁরা ওই ঘটনার জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন। এসব সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে উপকমিটির আগামী সভায় তৎকালীন কয়েকজন সেনা কর্মকর্তাকে ডাকা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।সূত্র জানায়, ওই ঘটনার অধিকতর তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ১৯ আগস্ট একটি উপকমিটি গঠন করে। গতকাল ছিল ওই তদন্ত কমিটির সাক্ষ্য নেওয়ার দিন। জাতীয় সংসদ ভবনে উপকমিটির সভায় এই সাক্ষ্য নেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সদস্য মির্জা আজম, শাহ আলম, বীরেন শিকদারসহ সংশ্লিষ্ট কমকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, সাবেক শিক্ষাসচিব মোমতাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলতাফ হোসেন ও ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান, ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার (বর্তমানে পুলিশ একাডেমির রেক্টর) নাইম আহমেদ, পুলিশের রমনা অঞ্চলের সাবেক উপকমিশনার সেলিম জাহাঙ্গীর গতকাল সাক্ষ্য দেন। তৎকালীন স্বরাষ্ট্রসচিব ও বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদেশে থাকায় তিনি কমিটিতে তাঁর লিখিত বক্তব্য পাঠান।সূত্র জানায়, তিন পৃষ্ঠার বক্তব্যে আবদুল করিম বলেন, ওই ঘটনার সময় দেশে জরুরি অবস্থা থাকায় ঊর্ধ্বতন সামরিক ও গোয়েন্দা কর্তৃপক্ষের নির্দেশেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালন করতে হয়েছিল। ওই ঘটনায় যাঁরা আহত, বন্দী, নিগৃহীত, হয়রানির সম্মুখীন হয়েছিলেন বা যাঁদের সম্পত্তির ক্ষতিসাধিত হয়েছিল, তিনি তাঁদের কাছে আন্তরিকভাবে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন।সভা সূত্র জানায়, সাবেক শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন। তিনি বলেন, দুঃখজনক ওই ঘটনার পরপরই উপদেষ্টা পরিষদের জরুরি সভায় চারটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হলো: অনভিপ্রেত এই ঘটনায় সরকার দুঃখ প্রকাশ করবে, ওই রাতেই সেনাক্যাম্প প্রত্যাহার করা হবে, ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু আকস্মিকভাবে সভায় একটি গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা উপস্থিত হয়ে এসব সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন এবং সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের কার্যপত্রে না রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, সরকার যখন দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিচ্ছিল, তখন শিক্ষা মন্ত্রণালয়কে না জানিয়েই ওই গোয়েন্দা সংস্থার নির্দেশে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে উপদেষ্টাদেরও কিছু করার ছিল না।জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য, বিক্ষোভ ও সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবিসহ অন্যান্য তথ্য-উপাত্ত দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হবে। পরে এই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।রাশেদ খান মেনন বিকেলে প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে উপকমিটি কাজ করছে। উপকমিটির আগামী সভায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ডাকা হবে। গতকাল সাবেক শিক্ষা উপদেষ্টার সাক্ষ্য এবং সাবেক স্বরাষ্ট্রসচিবের লিখিত বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের বক্তব্যে প্রকৃত অনেক চিত্র ফুটে উঠেছে।সূত্র জানায়, সাবেক শিক্ষাসচিব মোমতাজুল ইসলাম কমিটিকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাক্যাম্প স্থাপনের ব্যাপারে মন্ত্রণালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আগে থেকে কিছু জানত না। সেনাক্যাম্প করার ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি।মির্জা আজম প্রথম আলোকে বলেন, ওই সময়ের শিক্ষা উপদেষ্টা তাঁদের অসহায়ত্বের কথা বলেছেন। সরকারের দায়িত্বে থাকলেও কাজ-কর্ম সব করতেন একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। সেনা কর্মকর্তাদের ইচ্ছা অনুযায়ী তাঁরা সবকিছু করতেন।প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একজন সেনাসদস্যের সঙ্গে একজন ছাত্রের কথাকাটাকাটির জের ধরে সহিংস ঘটনার সূত্রপাত হয় এবং পরে তা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।