সংসদীয় উপকমিটিতে সাক্ষ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সহিংস ঘটনায় বিশেষ গোয়েন্দা সংস্থা দায়ী
২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনভিপ্রেত ঘটনার ব্যাপারে আজ বুধবার সংসদীয় উপকমিটিতে সাক্ষ্য দিয়েছেন তত্কালীন শিক্ষা উপদেষ্টাসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সাক্ষ্যে তাঁরা ওই ঘটনার জন্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন। এসব সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে উপকমিটির আগামী সভায় তত্কালীন কয়েকজন সেনা কর্মকর্তাকে ডাকা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।সূত্র জানায়, ওই ঘটনার অধিকতর তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ১৯ আগস্ট একটি উপকমিটি গঠন করে। আজ ছিল ওই তদন্ত কমিটির সাক্ষ্য নেওয়ার দিন। জাতীয় সংসদ ভবনে উপকমিটির সভায় এই সাক্ষ্য নেওয়া হয়। সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন, সদস্য হুইপ মির্জা আজম, শাহ আলম ও বীরেন শিকদারসহ সংশ্লিষ্ট কমকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, সাবেক শিক্ষাসচিব মোমতাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলতাফ হোসেন ও ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান, ঢাকা মহানগর পুলিশের তত্কালীন কমিশনার (বর্তমানে পুলিশ একাডেমির রেক্টর) নাইম আহমেদ, পুলিশের রমনা অঞ্চলের সাবেক উপকমিশনার সেলিম জাহাঙ্গীর আজ সাক্ষ্য দেন। তত্কালীন স্বরাষ্ট্রসচিব ও বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদেশে থাকায় তিনি কমিটিতে তাঁর লিখিত বক্তব্য পাঠান।প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একজন সেনাসদস্যের সঙ্গে একজন ছাত্রের কথাকাটাকাটির জের ধরে সহিংস ঘটনার সূত্রপাত হয় এবং পরে তা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।