ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ ফেব্রুয়ারি ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। আজ বুধবার মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন জোটের নেতারা। একই সঙ্গে দাবি আদায়ে ১০ দিনব্যাপী আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার বাণিজ্যিকীকরণের নীতি বাস্তবায়নে আবারও তত্পর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভ্যন্তরীণ আয়ের লক্ষ্যে সম্প্রতি সাংবাদিকতা ও নৃবিজ্ঞান বিভাগে ছাত্রকল্যাণে এক হাজার টাকা, ইতিহাস বিভাগে ল্যাব চার্জ বাবদ এক হাজার ৫০০ টাকা এবং আইন বিভাগে উন্নয়ন ফি এক হাজার টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া গণিত, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগে মিডিয়া সেন্টার ও কম্পিউটার চার্জ বাবদ ৬০০ টাকা অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে। নবনির্মিত সুফিয়া কামাল হলে কশান ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা, জগন্নাথ হলে ২০০৮-০৯ সেশনে যে ফি ছিল এক হাজার ৩০০ টাকা, তা বর্তমানে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর ওপর ফি ধার্য করে কর্তৃপক্ষ বাণিজ্যিকীকরণের নতুন মাত্রা দিয়েছে। স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও জিমনেসিয়াম ব্যবহারের ক্ষেত্রে ২০ হাজার টাকা এবং কেন্দ্রীয় খেলার মাঠ ব্যবহারে এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। রুহুল আমিন আরও বলেন, আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি মেনে না নিলে ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালন করা হবে। জোটের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারাভিযান ও ছাত্র-সংযোগ, ৬ ফেব্রুয়ারি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি প্রচার মিছিল, ৯ ফেব্রুয়ারি কলা ও বাণিজ্য অনুষদে প্রচার মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আমির খসরু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য ফাহিম উদয় প্রমুখ উপস্থিত ছিলেন।