ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তি কার্যক্রমে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের ১০টি বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপ অবৈধ ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। এর ফলে এ দুটি ইউনিটে ফলাফল প্রকাশ ও ভর্তি কার্যক্রমে বাধা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী এ এস এম মেজবাহ উদ্দিন।আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।১৫ ডিসেম্বর হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ-সংক্রান্ত শর্তারোপ বেআইনি ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ‘খ’ ও ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত করে।১০টি বিভাগ হচ্ছে—ইংরেজি, বাংলা, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, গার্হস্থ্য অর্থনীতি ও উন্নয়ন অধ্যয়ন।জানা যায়, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের শর্তারোপের সিদ্ধান্ত নেয়। গত ২৯ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে আলীম উত্তীর্ণ ভর্তি হতে ইচ্ছুক জুনায়েদ আল মামুনসহ তিনজন শিক্ষার্থী হাইকোর্টে রিটটি করেন। হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এরপর কর্তৃপক্ষ খ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ ২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিল।