ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের শুনানি ৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের ওপর স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। আবেদনটি ৭ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির এ দিন ধার্য করেন।আদালত থেকে বের হয়ে রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেননি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনটি ৭ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়।পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ‘গ’ ইউনিটে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ১ ডিসেম্বর বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। ৯ ডিসেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।গত ৩১ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। উত্তরপত্রে ভুল থাকার পরিপ্রেক্ষিতে আরেক দফা ফল প্রকাশ ও বাতিল এবং সবশেষে ৯ ডিসেম্বর আবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। আর পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২২ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।এর আগে হাইকোর্টের আহ্বানে সাড়া দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য দেন। শুনানিতে অংশ নিয়ে আবার পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দেন জাফর ইকবাল। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন এবং স্বচ্ছতা বজায় রাখতে আবার পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও বিশ্ববিদ্যালয়ের কৌঁসুলি।