ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিট ভর্তিতে বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০টি বিভাগে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।গতকাল সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এ দুটি ইউনিটে সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তির কার্যক্রমে কোনো আইনগত বাধা নেই।’ গতকালই ঘ ইউনিটে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ-সংক্রান্ত ২০০ নম্বরের শর্তারোপ অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খ ও ঘ ইউনিটের ১৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় সাক্ষাৎকার স্থগিত করে। ১০টি বিভাগ হচ্ছে ইংরেজি, বাংলা, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, স্বাস্থ্য অর্থনীতি এবং উন্নয়ন অধ্যয়ন।জানা যায়, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে ২০০ নম্বর করে পড়ে আসার শর্তারোপ করে। কিন্তু ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীরা এই দুই বিষয়ে ১০০ নম্বর করে পড়ে আসেন। ফলে তাঁরা ভর্তি পরীক্ষায় পাস করলেও এই বিভাগগুলোতে ভর্তি হতে পারেননি। তাঁদের অন্য বিভাগে ভর্তি হতে হয়।গত ২৯ অক্টোবর খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা।এ প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে আলিম পাস ভর্তিচ্ছুক জুনায়েদ আল মামুনসহ তিনজন শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশে ওই শর্তারোপের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে ১ ডিসেম্বর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। অন্যদিকে হাইকোর্ট রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে শর্তারোপ অবৈধ ঘোষণা করে ১৫ ডিসেম্বর রায় দেন। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দুটি ইউনিটের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করে এবং হাইকোর্টের চূড়ান্ত রায়ের স্থগিতাদেশ চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।এর ওপর গতকাল শুনানি শেষে আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক মামলা পরিচালনা করেন।সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রায় স্থগিত হওয়ায় সাক্ষাৎকার গ্রহণে আর কোনো বাধা নেই।’ঘ ইউনিটের সাক্ষাৎকার ৮ জানুয়ারি: ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঘ ইউনিটে ভর্তির জন্য সাক্ষাৎকার আগামী ৮ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত ক্রম অনুসরণসহ সাক্ষাৎকারের সব শর্ত অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.univdhaka.edu-তে পাওয়া যাবে। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।খ ইউনিটের সাক্ষাতের সময় শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কলা অনুষদের ডিন সদরুল আমিন।