ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত ৯ জুলাই নারী সংক্রান্ত ব্যাপারে মারামারির ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফারুকুজ্জামান ওরফে সৈকত, আইন বিভাগের প্রথম বর্ষের তৌহিদুর রহমান ওরফে তাজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শরীফুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মেহেদী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে বলেন, মারামারির ঘটনায় এ চারজনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় এখনও চিঠি পাঠানো হয়নি। এছাড়া সহকারী প্রক্টর রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব তাদেরকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে জড়িত অন্যদের সনাক্ত এবং শাস্তিপ্রাপ্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, গত ৯ জুলাই বিকেলে নারী সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হলের ছাত্রলীগ কর্মীরা জহুরুল হক হলের এক ছাত্রলীগ কর্মী ফজলুল করিমকে চাপাতি দেয় কোপান। এর রেশ ধরে বিশ্ববিদ্যালয়ে দুই হলের ছাত্রদের মধে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই জসিম উদ্দীন হলের ছাত্রলীগ কর্মী আবদুস সালাম ওরফে শ্যামলকে চাপাতি দিয়ে কুপায় জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মীরা।